চিন্তায় টেস্ট চ্যাম্পিয়নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডের বিশ্বকাপের পর বিসিবির সব মনোযোগ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের ভবিষ্যৎ সফরসূচি টেস্ট ও টি-টোয়েন্টিতে ঠাসা। সীমিত ওভারের ক্রিকেটে বিসিবির চিন্তার বেশির ভাগজুড়ে এখন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারও আগে চলতি বছরের নভেম্বরে ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পা দেবেন সাকিবরা। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে মাত্র একটি টেস্টই খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল, সেটিও আফগানিস্তানের বিপক্ষে। নভেম্বরে ভারতের মতো দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না বিসিবি। প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তাই জাতীয় দলের ক্রিকেটারদের খেলাটা বাধ্যতামূলক করা হবে।
আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় লিগ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) জানুয়ারি মাসে হবে বলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রস্তুতিতে সেটি কোনো কাজেই লাগবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা তাই জাতীয় লিগ দিয়েই সারতে হবে। জাতীয় লিগেও জাতীয় দলের খেলোয়াড়েরা হয়তো দুটি রাউন্ডই কেবল খেলতে পারবেন। বিসিবি চায়, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে যে কয়টি ম্যাচই খেলার সুযোগ থাকুক, জাতীয় দলের ক্রিকেটাররা যেন তার বেশির ভাগেই খেলেন। অঙ্কের হিসাবে অন্তত ৭৫ শতাংশ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন কাল বলছিলেন, ‘আমরা চাচ্ছি জাতীয় লিগে কমপক্ষে ৭৫ শতাংশ ম্যাচে যেন জাতীয় দলের ক্রিকেটাররা খেলে। এ বিষয়ে ঈদের পরেই সভা হবে। সভায় আমরা এটা চূড়ান্ত করব।’ নতুন টেস্ট ক্রিকেটার তৈরি করতে প্রথম শ্রেণির ক্রিকেটকে প্রতিযোগিতাপূর্ণ করার বিকল্প দেখেন না প্রধান নির্বাচক।
কিন্তু ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের খেলাটা অতীতেও বাধ্যতামূলক করেছিল বিসিবি। সবাই যে সে বাধ্যবাধকতা মেনেছেন, তা নয়। এসব লিগ খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের অনীহা স্পষ্ট। তবে এবার নাকি আঁটসাঁট বেঁধে নামছে বিসিবি।
অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটই বলুন বা টেস্ট ক্রিকেট, জাতিগতভাবেই দীর্ঘ পরিসরের ক্রিকেটের প্রতি কিছুটা নিরাসক্ত বাংলাদেশের মানুষ। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেহেতু শেষ পর্যন্ত শিরোপা জয়ের একটা ব্যাপার থাকবে, এক দলের অন্য দলকে পেছনে ফেলার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এ নিয়ে সবার মধ্যেই আগ্রহ তৈরি হওয়াটা স্বাভাবিক।