যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের ফোনালাপের পরও মার্কিন-চীন সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে হোয়াইট হাউস বেইজিংকে আবারও আশ্বস্ত করেছে।
দুই নেতার মধ্যে গত সপ্তাহে ওই টেলিফোন আলাপের পর বেইজিং অসন্তোষ প্রকাশ করেছিল। তাইওয়ানকে চীন নিজেদের এক বিদ্রোহী দ্বীপ মনে করে। ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক বা কূটনৈতিক সম্পর্ক নেই। তাই কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের সরাসরি আলাপের রীতিও নেই। তাই চীন এ বিষয়ে একটি কূটনৈতিক অভিযোগ করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট গত সোমবার বলেন, হবু প্রেসিডেন্টের এই কাজের উদ্দেশ্য ঠিক কী ছিল, তা নির্ণয় করা কঠিন। তবে তাইওয়ানের ব্যাপারে মার্কিন নীতি প্রায় ৪০ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। এতে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হোয়াইট হাউস বলেছে, মার্কিন কর্মকর্তারা চীনকে আশ্বস্ত করেছেন, ‘এক চীন’ নীতির প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বহাল রয়েছে।
ট্রাম্প ওই ফোনালাপের পর দুটি টুইটার বার্তায় চীনের মুদ্রানীতি ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৎপরতার সমালোচনা করেন। চীনের ক্ষোভের এটিও কারণ। ট্রাম্প অবশ্য তাইওয়ানের নেতার সঙ্গে আলাপচারিতার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, এটা ছিল শুধুই সৌজন্য বিনিময়।
বেইজিং তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। যুক্তরাষ্ট্রের অবস্থানও তাই। তবে তারা তাইওয়ানের ওপর চীনের দাবিও স্বীকার করে না। চীন অতীতে হুমকি দিয়েছে, স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানের ওপর শক্তি প্রয়োগ করা হবে।
চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের পর পরাজিত জাতীয়তাবাদীরা পালিয়ে তাইওয়ানে চলে গিয়েছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের ব্যাপারে বরাবরই পরস্পরের সুবিধার প্রতি গুরুত্ব দিয়েছে। এটা ধরে রেখে উন্নয়ন জোরদার করতে হলে দ্বিপক্ষীয় বিষয়ে দুই পক্ষকেই প্রধান প্রধান নীতি মেনে চলতে হবে।
চীনের প্রভাবশালী দৈনিক পত্রিকা পিপলস ডেইলির বিদেশ সংস্করণে গতকাল প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, চীনের সঙ্গে ‘উসকানিমূলক মতানৈক্য’ রাখলে বেইজিং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিরসনের ব্যাপারে সাহায্য করবে না। এতে নতুন ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ লক্ষ্য বাস্তবায়নও সম্ভব হবে না।