চীনকে ট্রাইব্যুনালের রায় মানতে হবে: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন তা মানতে চীন বাধ্য। চীনকে এই রায় মানতেই হবে। লাওসে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে দেওয়া ভাষণে ওবামা এ কথা বলেন।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশ নিজের বলে দাবি করে চীন। তবে গত জুলাই মাসে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করে। রায়ে বলা হয়, সমগ্র দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবির বিষয়ে কোনো আইনি ভিত্তি নেই।
ওবামা সেই রায়ের বিষয়ে বলেন, ‘আদালতের ঐতিহাসিক রায়টি মেনে চলতে সবাই বাধ্য। এ অঞ্চলে সমুদ্রসীমার অধিকার আরও স্বচ্ছ করার ক্ষেত্রে রায়টি সহায়তা করবে।’
ওবামা বলেন, ‘দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আছে। তবে সেই উত্তেজনা প্রশমনে কীভাবে আরও গঠনমূলকভাবে এগোতে পারি, তা নিয়ে আলোচনা হতে পারে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ওই রায় অবশ্য চীন প্রত্যাখ্যান করেছে।’
প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে রায় মেনে নেওয়ার বিষয়ে যে বাধ্যবাধকতার কথা বলেছেন, তা নিয়ে দ্রুত তাদের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং বলেন, ‘আমরা আশা করি, দক্ষিণ চীন সাগরের বিষয়ে যুক্তরাষ্ট্র একটি নৈর্ব্যক্তিক ও ন্যায়সংগত অবস্থান নেবে।’
আসিয়ান সম্মেলনেও দক্ষিণ চীন সাগর বিষয়ে আলোচনা হয়। বুধবার আসিয়ান নেতারা এক বিবৃতিতে বলেন, এই সাগরে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে তাতে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।