করোনাভাইরাসের উৎস সন্ধানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সন্দেহের তির চীনের দিকে। একই তির ছুড়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে কি বাইডেন হাঁটছেন ট্রাম্পের দেখানো পথেই?
এই প্রশ্ন ওঠার অন্যতম কারণ করোনা ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ও চীন ইস্যুতে তাঁর প্রশাসনের পদক্ষেপ। করোনা মহামারির শুরুর পরই এর বিস্তারের জন্য চীনকে দায়ী করেছিলেন ট্রাম্প। এ ভাইরাসকে কখনো ‘উহান ভাইরাস’, কখনো ‘চায়না ভাইরাস’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি। এমন মন্তব্য করে খোদ মার্কিন গণমাধ্যমগুলোর তোপের মুখে পড়েছিলেন ট্রাম্প। কিন্তু দমে যাননি, চেয়েছিলেন চীনের বিরুদ্ধে তদন্ত। চীনের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) দিয়েও কলকাঠি নাড়ার চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি। শেষমেশ ট্রাম্পের নেতৃত্বে ওই সংস্থা থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।
এরপর অবশ্য ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল উহান পরিদর্শন করে চীন থেকে ফিরে বলেছিল, করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহানের ল্যাবরেটরি থেকে ছড়ানো একেবারেই অসম্ভব। ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের এমন বক্তব্য সামনে এসেছে বাইডেন ক্ষমতা গ্রহণের পর। কিন্তু তারপরও নিজের গোয়েন্দা সংস্থা দিয়ে করোনাভাইরাসের উৎস তদন্ত করছেন বাইডেন। কেন এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন? তা জানতে বাইডেনের নেওয়া পররাষ্ট্রনীতির ওপর আলোকপাত করা যেতে পারে।
বিভিন্ন ‘অপরাধ’ করেও যে দেশটি ট্রাম্পের আমলে পার পেয়েছে সেটি হলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেশটি হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প প্রশাসন দৃশ্যমান কোনো অবস্থান নেয়নি রাশিয়ার বিরুদ্ধে। ২০২০ সালের নির্বাচনে আবারও রাশিয়া হস্তক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এর জেরে বাইডেন প্রশাসন ক্ষমতায় এসেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
ট্রাম্পের সময় ‘ব্ল্যাঙ্ক চেক’ পেয়েছিল সৌদি আরবও। সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এ নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হয়েছিল। এই হত্যাকাণ্ডের দায়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান মার্কিন আইনপ্রণেতারা। কিন্তু ট্রাম্প তা আমলে নেননি। খাসোগি হত্যার সঙ্গে জড়িত দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি ট্রাম্প প্রশাসন। এ ছাড়া ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের প্রশ্নবিদ্ধ ভূমিকার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেয়নি সেই প্রশাসন। অবশ্য ক্ষমতা গ্রহণের পরই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন বাইডেন। ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আলোচনাও চলছে ইরানের সঙ্গে।
তবে যুক্তরাষ্ট্র যে তাদের মৌলিক পররাষ্ট্রনীতি থেকে একেবারে সরে যায়নি সেটাও স্পষ্ট ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে। ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা চালাচ্ছিল তখন নীরবতা ভেঙে প্রথমে জো বাইডেন বলেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী পক্ষের রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের রয়েছে আত্মরক্ষার অধিকার। আর এ অধিকারের প্রতি তাঁর (বাইডেন) সমর্থন অব্যাহত থাকবে। কিন্তু বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতাই প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজসহ বেশ কয়েকজন ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ইস্যুটিকে সামনে এনেছেন। এরপর বাইডেন তাঁর অবস্থান কিছুটা বদলে ফেলেন। আগের বক্তব্যের প্রায় এক সপ্তাহ পর বাইডেন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রই একমাত্র সমাধান। তবে ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে অবস্থান বদল হয়নি, তা–ও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল ট্রাম্পের আমলে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের আমলে ২০১৮ সালে চীন থেকে আমদানি করা সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এরপর পাল্টা পদক্ষেপ নেয় চীন। দুই দেশের এই বাণিজ্যযুদ্ধ চরম রূপ নেয়। শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। আন্তর্জাতিক মহল এই বাণিজ্যযুদ্ধ থামাতে বারবার আহ্বান জানিয়েছে, কিন্তু কাজ হয়নি। ট্রাম্প প্রশাসনের বিদায়ের পর বাইডেন প্রশাসন এলেও যুক্তরাষ্ট্রের অবস্থানের কিন্তু পরিবর্তন হয়নি।
ট্রাম্পের আমলে চীনের পণ্যের ওপর যেসব শুল্ক আরোপ করা হয়েছে বাইডেনের আমলেও তা বহাল রয়েছে। হংকংয়ে গণতন্ত্রকামীদের ওপর দমন–পীড়ন, উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনের ঘটনায় চীনের ওপর চাপ আরও বাড়িয়েছেন জো বাইডেন।
চীনের সঙ্গে সম্পর্ক ঠিক ২০১৬ সালের আগের অবস্থানে ফিরে যাবে কি না, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি এখনো পরিষ্কার করা হয়নি। কিন্তু একটি বিষয় বাইডেন ক্ষমতায় আসার আগেই স্পষ্ট করেছেন; তা হলো, কর্তৃত্ববাদসংশ্লিষ্ট। ২০২০ সালের মাঝামাঝি এ নিয়ে একটি লেখাও লিখেছিলেন বাইডেন। ফরেন অ্যাফেয়ার্সে লেখা ওই নিবন্ধে তিনি যুক্তি তুলে ধরেছিলেন যে কেন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক নেতৃত্বে ফিরতে হবে। সেখানে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছিলেন, চীনের সঙ্গে লড়াইয়ে তিনি জিততে চান। আর এ জন্য কী কী করতে হবে—সেটিও তিনি উল্লেখ করেছিলেন ওই লেখায়।
ক্ষমতা গ্রহণের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরে গিয়েও বৈশ্বিক নেতৃত্ব ইস্যুতে কথা বলেছেন বাইডেন। গত ৪ ফেব্রুয়ারি এই দপ্তরের কর্মীদের উদ্দেশে বাইডেন বলেন, ‘বিশ্বের কাছে আমার বার্তা হলো, আমেরিকা আবার ফিরে এসেছে।’ ট্রাম্পের আমলে মিত্রদের সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছে, তা–ও ঠিকঠাক করে ফেলার ঘোষণা এরই মধ্যে দিয়ে ফেলেছেন বাইডেন।
এ ছাড়া ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবিলা করার জন্য জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড বিষয়েও তৎপর হয়েছে বাইডেন প্রশাসন। এই জোটটিকে বিরোধী জোট হিসেবে বিবেচনা করে চীন। ফলে চীনকে চাপে ফেলার বিষয়টি খানিকটা হলেও স্পষ্ট হয়ে উঠছে।
আবারও করোনা ইস্যুতে ফেরা যাক। এই ভাইরাসের উৎস প্রসঙ্গে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ পিটার ডাশাক বলেছেন, এ করোনাভাইরাসের উৎস জানতে বিজ্ঞানীদের কয়েক বছর লেগে যাবে।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা যখন করোনাভাইরাসের উৎস সন্ধান করতে গিয়ে উহান থেকে ফিরে এলেন এবং ফিরে আসার পর তাঁরাই যখন বলছেন, এর উৎস জানতে কয়েক বছর লেগে যাবে, তখন বাইডেন তাঁর গোয়েন্দা বাহিনীকে কেন ব্যবহার করতে চাইছেন? আর কেনইবা এ নিয়ে জোর তৎপরতা শুরু করেছেন?
একটি বিষয় পরিষ্কার যে বৈশ্বিক নেতৃত্বে অবিসংবাদিত হতে চাইছে জো বাইডেনের যুক্তরাষ্ট্র। আর সেই লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিযোগী সি চিন পিংয়ের চীন। অর্থনীতি, সামরিক, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে এগিয়ে যাচ্ছে চীন এবং সেই এগিয়ে যাওয়ার ভঙ্গি বেশ আগ্রাসী। তবে কি চীনকে কোণঠাসা করতে করোনাভাইরাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবেন বাইডেন?
এই প্রশ্নটির আপাত উত্তর হচ্ছে, পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে অন্তত এই একটি বিষয়ে খারিজ করে দিচ্ছেন না জো বাইডেন। বরং ট্রাম্পের করা সন্দেহকেই বিশ্বমঞ্চে আরেকটু বড় করে উপস্থাপন করতে চাইছেন তিনি। তবে চীন প্রসঙ্গে ট্রাম্পের মতো কড়া ভাষা ব্যবহার ও পুরোপুরি আদায়-কাঁচকলায় সম্পর্ক বাইডেন তৈরি করবেন কি না, সেটি জানতে কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। আর কে না জানে, রাজনীতি একটি সদা পরিবর্তনশীল বিষয়। রং বদল হতে এখানে সময় লাগে না মোটেও!
তথ্যসূত্র: রয়টার্স, ফরেন অ্যাফেয়ার্স, ফরেন পলিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট, বিবিসি, নিউইয়র্ক টাইমস, এবিসি নিউজ, হোয়াইট হাউসের ওয়েবসাইট ও আনাদোলু এজেন্সি