চীনের আটক করা ড্রোনটি ফেরত চান না ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগর থেকে আটক মার্কিন ড্রোন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চীন ‘একটি সমঝোতায়’ পৌঁছেছে বলে পেন্টাগন জানিয়েছে। গত বৃহস্পতিবার চীন ওই মানুষবিহীন দূরনিয়ন্ত্রিত ডুবুরিযান (ইউইউভি বা ড্রোন) আটক করে।
তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় চীনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে টুইটারে লিখেছেন, ‘ড্রোনটি আমরা ফেরত চাই না, চীন ওটা রেখে দিক!’
শক্তিধর দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সামরিক বিরোধের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে। পেন্টাগন বলেছে, তারা ড্রোনটি বৈজ্ঞানিক গবেষণাকাজে ব্যবহার করছিল। চীনকে এটি ফিরিয়ে দিতে হবে। তাদের এভাবে আর কোনো ড্রোন না আটকানোরও পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
তবে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক শনিবার এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে। চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে রফা হয়েছে, তারা ওই ইউইউভি যুক্তরাষ্ট্রকে ফেরত দেবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘যথাযথ উপায়ে’ ড্রোনটি ফিরিয়ে দেবে বলে জানালেও কখন দেবে, তা স্পষ্ট করেনি।
তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলাপ করে ট্রাম্প ইতিমধ্যে চীনকে খেপিয়ে তুলেছেন। তাইওয়ানকে তার বিদ্রোহী দ্বীপ মনে করে চীন।
মিশেলের কথা খণ্ডন: ডোনাল্ড ট্রাম্প গত শনিবার জোর দিয়ে বলেছেন, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ আশা ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আশার খুব অভাব—শুক্রবারের এক টকশোতে বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার এ বক্তব্যের প্রেক্ষাপটে এ কথা বলেছেন ট্রাম্প। অ্যালাবামা অঙ্গরাজ্যের এক জনসভায় মোবাইলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের বিপুল আশা আছে, অনেক প্রতিশ্রুতি এবং অজস্র সম্ভাবনাও আছে। দেশ হিসেবে আমরা আবার সফল হতে চলেছি।’