চীনের ওপর 'অসন্তুষ্ট' ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে ওয়াশিংটন ও বেইজিংয়ের রাজনীতি
উত্তর কোরিয়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে ওয়াশিংটন ও বেইজিংয়ের রাজনীতি

উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির বিপরীতে চীনের ভূমিকা নিয়ে ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩০ জুলাই এক টুইটার পোস্টে ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির বিষয়ে চীন কোনো ভূমিকাই রাখছে না। এমন একটি বিষয়ে চীনের নিশ্চুপ থাকাটা আমি কখনোই মেনে নেব না।’ এক মাসের মধ্যে উত্তর কোরিয়ার দ্বিতীয় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার প্রতিক্রিয়ায় ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
গত ২৮ জুলাই রাতে উত্তর কোরিয়া আইসিবিএম পরীক্ষা চালায়। একই সঙ্গে এ অস্ত্র দিয়ে আমেরিকার যেকোনো অঞ্চলে আঘাত হানা সম্ভব বলেও দেশটির পক্ষ থেকে দাবি করা হয়। এর প্রত্যুত্তরে ২৯ জুলাই কোরীয় উপসাগরে জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যৌথ মহড়া চালায়।
এ বিষয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন কমান্ড থেকে বলা হয়, ‘উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার সরাসরি প্রতিক্রিয়া এটি। আমাদের মিত্রদের প্রতি আমাদের বন্ধুত্বের নিদর্শনও এটি।’ ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল টেরেন্স জে ও’শহনেসি বলেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উত্তর কোরিয়া একটি বড় হুমকি।’
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করে চীন ২৯ জুলাই সব পক্ষকে সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানায়। কিন্তু চীনের এ প্রতিক্রিয়াকে যথেষ্ট মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট। পরপর দেওয়া দুটি টুইটার পোস্টে তিনি বলেন, ‘চীনের আচরণে আমি ভীষণভাবে হতাশ। আমাদের সাবেক নেতারা বোকার মতো দেশটিকে আমাদের সঙ্গে বার্ষিক শত বিলিয়ন ডলারের ব্যবসা করার সুযোগ দিয়েছে। অথচ এর বিপরীতে চীন আমাদের জন্য কিছুই করেনি। উত্তর কোরিয়া ইস্যুতে তারা শুধু কথাই বলেছে। আমরা এটি আর বেশি দিন চলতে দেব না। (উত্তর কোরিয়ার) এ সমস্যা চীন খুব সহজেই সমাধান করতে পারে।’
উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রসঙ্গটি বারবার উঠে আসার কারণ তাদের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব। উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন দেশটির সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রেখেছে। আর বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না মার্কিন প্রশাসন। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে দেশটির ওপর চাপ প্রয়োগের জন্য চীনকে অনেক দিন ধরেই অনুরোধ জানিয়ে আসছে আমেরিকা। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এ বিষয়ে আলোচনাও হয়েছে। এ আলোচনার পর মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, সংকট নিরসনে দুই দেশ একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। কিন্তু এরপর মাত্র এক মাসের মধ্যেই উত্তর কোরিয়া দুটি আইসিবিএম পরীক্ষা চালিয়েছে।
সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া ভীষণ উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘উত্তর কোরিয়া এ প্রযুক্তিতে অনেকখানি অগ্রসর হয়েছে। পাশাপাশি সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় ও স্থানটি ছিল অন্যগুলোর চেয়ে স্বতন্ত্র।’ একইভাবে নিজ দেশের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও।