চীনের টয়লেট টিস্যুতে ট্রাম্পের ছবি
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত টয়লেট টিস্যু বাজারে ছেড়েছে চীন। যুক্তরাষ্ট্রেও এই টিস্যু বাজারজাত করছে চীনের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর সেখানেও ব্যাপকভাবে বিক্রি হচ্ছে এই টিস্যু। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প চীনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, মার্কিনদের চাকরি চীনারা নিয়ে নিচ্ছেন ও যুক্তরাষ্ট্রের বাজার থেকে মুনাফা তুলে নিচ্ছেন। এর প্রতিবাদ হিসেবে চীনা কোম্পানিগুলো এই টিস্যু তৈরি করেছে।
ইতিমধ্যে বেশ কয়েকটি চীনা ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাম্পের ছবি সংবলিত টয়লেট টিস্যু বাজারজাত করছে। টিস্যুতে ট্রাম্পের নানা রকম মুখভঙ্গির ছবি রয়েছে।
চীনের কুইংডাও ওয়েল পেপার ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে এই টয়লেট টিস্যু বাজারে ছাড়ার পর থেকেই এর বিক্রি বেড়েই চলেছে। এর মধ্যে তারা টিস্যু বাজারজাত করার ৫০টি আদেশ পেয়েছে। বেশির ভাগ আদেশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।