চীনের দিকে ট্রাম্পের দ্বিতীয় তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

চীন থেকে আমদানি করা ২০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক আরোপের এই নির্দেশ দুই দেশের বাণিজ্যযুদ্ধের আশঙ্কাকে আরও উসকে দেবে বলে মনে করা হচ্ছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রায় ছয় হাজার পণ্যের ওপর এই শুল্ক আরোপিত হচ্ছে। এবারই এত বেশি পণ্য শুল্কের অন্তর্ভুক্ত হলো। হাতব্যাগ, চাল, টেক্সটাইল পণ্য শুল্কের আওতায় পড়েছে। তবে স্মার্ট ঘড়ি, হাই চেয়ারের মতো পণ্যের ওপর শুল্ক বসবে—এমনটা ধারণা করা হলেও এসব পণ্যকে শুল্কের খড়্গ থেকে ছাড় দেওয়া হচ্ছে।

এই শুল্কের পাল্টা জবাব দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে চীন।

২৪ সেপ্টেম্বর থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। প্রাথমিকভাবে ১০ শতাংশ দিয়ে শুরু হবে। আগামী বছর তা ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। এর মধ্যে যদি দুটি দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারে, তাহলে এই শুল্ক বাদও যেতে পারে।

চীনের সঙ্গে অন্যায্য বাণিজ্য চলছে বলে বরাবরই সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘এটা একদম পরিষ্কার যে এই বিষয়ে পরিবর্তন আনা প্রয়োজন। আমরা চীনকে আমাদের সঙ্গে ন্যায্য বাণিজ্য করার সব সুযোগ দিয়েছি। এখন পর্যন্ত যা দেখা গেল, চীনের মানসিকতা পরিবর্তনের কোনো ইচ্ছাই নেই।’

ট্রাম্প সতর্ক করেছেন, চীন যদি নতুন পদক্ষেপের প্রতিশোধ নেয়, তবে যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিকভাবে তৃতীয় পদক্ষেপ নেবে। যার মানে হলো আরও ২৬৭ বিলিয়ন চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময়ই অন্যায্য বাণিজ্যের বিষয়ে সমালোচনা শুরু করেন ট্রাম্প। ২০১৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরও তিনি ওই সমালোচনা অব্যাহত রাখেন। গত জুলাইতে প্রথমবারের মতো চীনা পণ্যের ওপর ৩৪ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে চীনও। ওই সময়ই বেইজিং সতর্ক করে দিয়ে বলেছিল, ওয়াশিংটন আরও শুল্ক আরোপ করলে তারাও একই পদক্ষেপ নেবে। এখন দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এখন দেখার বিষয়—চীন কী পদক্ষেপ নেয়।