চীনের নীরবতা মানা যায় না: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে চীনের নীরবতা বা ‘কিছু না করা’র বিষয়টি তিনি মেনে নেবেন না। গত শুক্রবার রাতে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছোড়ার পর শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন।

পিয়ংইয়ং শুক্রবার যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে, তা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেন দেশটির নেতা কিম জং উন।

চীন এ ঘটনার নিন্দা জানালেও বেইজিংয়ের সমালোচনা করে টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমি চীনের প্রতি ভীষণ হতাশ। আমাদের বোকা নেতারা তাদের শত শত কোটি ডলার উপার্জনের সুযোগ করে দিয়েছে। কিন্তু উত্তর কোরিয়ার বিষয়ে দেশটি এখনো আমাদের জন্য কিছু করেনি। আমরা এ অবস্থা আর চলতে দিতে পারি না। চীন খুব সহজে এই সমস্যা সমাধান করতে পারে।’

যুক্তরাষ্ট্রের জবাব

উত্তর কোরিয়ার শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্র গতকাল রোববার দক্ষিণ কোরিয়ায় স্থাপিত আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘টার্মিনাল হাই অলটিচুড এরিয়া ডিফেন্স বা থাড’-এর পরীক্ষা চালিয়েছে। একই দিন কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে দুটি সুপারসনিক বি-ওয়ানবি বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবারও দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমানবাহিনীর জঙ্গিবিমানের অংশগ্রহণে ১০ ঘণ্টার মহড়া চালায় যুক্তরাষ্ট্র। দেশটির প্যাসিফিক কমান্ডের এক কর্মকর্তা বলেন, মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের অংশ এই পদক্ষেপ।