জি–২০ সম্মেলনের পাশাপাশি (সাইডলাইন) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইন্দোনেশিয়ার বালিতে জি–২০ মন্ত্রিপর্যায়ের এই সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর আল–জাজিরার।
তবে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন না বলে গতকাল মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা বলেন, ওয়াংয়ের সঙ্গে বৈঠকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সমর্থনের বিরুদ্ধে চীনকে ফের সতর্ক করবেন ব্লিঙ্কেন। এই সংঘাতের কারণে বন্ধ হয়ে যাওয়া সমুদ্রপথ পুনরায় চালুর প্রচেষ্টা চলছে। এ জন্য মস্কোর ওপর চাপ দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানাতে জি–২০ বৈঠককে কাজে লাগাবেন তিনি।
পূর্ব এশিয়াবিষয়ক মার্কিন দূত ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে ইউক্রেনের বিষয়ে ‘অকপট’ মতবিনিময় হবে বলে তিনি আশা করছেন। আগামী শনিবার এই বৈঠক হতে পারে।
তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে কী করা এবং না করাটা আমরা প্রত্যাশা করি, এটা হবে সেই বার্তা পৌঁছে দেওয়ার আরেকটি সুযোগ।’
বিশ্লেষকেরা আভাস দিচ্ছেন, জি–২০ সম্মেলেন তীব্র বিতর্ক হতে পারে। বিশ্বের অন্যতম প্রধান শষ্য রপ্তানিকারক ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন চালানোর পর থেকে বৈশ্বিক খাদ্যসংকটের জন্য মস্কোকে দায়ী করতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অন্যদিকে বড় রপ্তানিকারক রাশিয়াও এ জন্য মার্কিন নেতৃত্বাধীন অবরোধকে দায়ী করছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকের সম্ভাবনা নেই।
নেড প্রাইস আরও বলেন, ‘আমরা চাই রুশরা তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে দেখা করার একটি কারণ আমাদের অবহিত করুক। কিন্তু মস্কোর কাছ থেকে যেটা আসছে, তা হলো ইউক্রেন ও দেশটির জনগণের ওপর নৃশংসতা ও আগ্রাসন।’
অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রামিন তোলোবি বলেন, ‘জি–২০ সম্মেলনে ব্লিঙ্কেন জ্বালানি নিরাপত্তা এবং ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্যশস্য ও সার পুনরায় বিশ্ব বাজারে আনার জাতিসংঘের পদক্ষেপের বিষয়টি তুলবেন।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘জি–২০ সদস্য দেশগুলোর উচিত রাশিয়াকে জবাবদিহি করা এবং শস্য সরবরাহে পুনরায় সমুদ্রপথ চালুতে জাতিসংঘের চলমান প্রচেষ্টায় জোটের সমর্থনের বিষয়টি জোর দিয়ে বলা।’
রাশিয়া ইউক্রেনের জাহাজ চলাচল আটকে দিয়েছে বলে দেশটি অভিযোগ করে আসছে। শস্য রপ্তানির নিশ্চয়তা পেতে চলতি সপ্তাহে ইউক্রেন তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কিয়েভ।
তবে কোনো ধরনের শস্যবাহী জাহাজ আটকে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া। তারা বলছে, জাহাজ চলাচল কমার জন্য অংশত ইউক্রেনই দায়ী। কারণ, বন্দরগুলোতে মাইন পেতে রেখেছে দেশটি।
কাল থেকে জি–২০ মন্ত্রিপর্যায়ের এই সম্মেলন শুরু হচ্ছে। চলবে ৮ জুলাই পর্যন্ত। নভেম্বরের শীর্ষ সম্মেলন সামনে রেখে এর আয়োজন করা হয়েছে, যেখানে রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত থাকবেন। ওই সম্মেলনও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে।