চীনের বিরুদ্ধে আবারও কমলা হ্যারিসের তোপ
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, দক্ষিণ চীন সাগরের জলসীমায় চীনা মালিকানাসংক্রান্ত আগ্রাসী আচরণ ও দাবির বিষয়ে বেইজিংয়ের ওপর চাপ বাড়ানোর কৌশল খুঁজতে হবে, চাপ বাড়াতে হবে। এ বিষয়ে জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন মেনে চলতে হবে চীনকে।
ভিয়েতনামের রাজধানী হ্যানয় সফরে এসে আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট জুয়েন জুয়ান ফুকের সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। এ সময় চীনের উদ্দেশে এমন মন্তব্য করেন তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে সিঙ্গাপুর ও ভিয়েতনাম ভ্রমণ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। চীনা প্রভাব বিস্তারের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব জোরদার করতে সফরে এসেছেন তিনি।
এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের বিরোধ রয়েছে। এটা নিয়ে দুই দিনের মধ্যে আবারও বেইজিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন কমলা হ্যারিস। সিঙ্গাপুর সফরকালে কমলা হ্যারিস বলেছিলেন, দক্ষিণ চীন সাগরের বেআইনি মালিকানা দাবি করে বেইজিং এ অঞ্চলের দেশগুলোর ওপর জবরদস্তিমূলক ও ভীতিকর আচরণ করছে।
এ বিষয়ে গতকাল চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম চায়না ডেইলির সম্পাদকীয়তে অভিযোগ করা হয়, কমলা হ্যারিস চীনের বিরুদ্ধে ভিত্তিহীন আক্রমণ করেছেন। তিনি এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করেছেন। চীনের দিকে আঙুল তোলার আগে তাঁর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চীনবিরোধী ভূমিকার কথা ভাবা উচিত।
চীন, ভিয়েতনাম, ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইনসহ কয়েকটি দেশ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে। এটা নিয়ে আঞ্চলিক বিরোধ রয়েছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ দক্ষিণ চীন সাগর। এ ছাড়া জ্বালানি ও মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ আধার এটি।
২০১৬ সালে নেদারল্যান্ডসের দি হেগের সালিস আদালত এ জলসীমায় চীনের দাবি নাকচ করে রায় দিয়েছেন। তবে বেইজিং আন্তর্জাতিক আদালতের এ রায় প্রত্যাখ্যান করেছে। মালিকানা দাবির পাশাপাশি চীন এ জলসীমায় কৃত্রিম দ্বীপ, সামরিক স্থাপনা বানিয়েছে। এর মধ্য দিয়ে দেশটি এখানে বাইরের শক্তির আনাগোনা রুখতে চায়। বিরোধপূর্ণ এ জলসীমায় নিয়মিত টহল দেয় মার্কিন নৌবাহিনীর জাহাজ।
চীনের সঙ্গে শত্রুতাকে শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় মার্কিন প্রশাসনের একের পর এক প্রভাবশালী ব্যক্তি সফর করছেন। গত মাসে ভিয়েতনামে সফর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
গত মঙ্গলবার কমলা হ্যারিস নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে সিঙ্গাপুর থেকে ভিয়েতনামে পৌঁছান। হ্যানয়ের মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসে রহস্যময় হাভানা সিনড্রোমের মতো স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা শনাক্ত হওয়া ভাইস প্রেসিডেন্টের সফর কিছুটা বিলম্বিত হয়। ২০১৬ সালে হাভানা সিনড্রোমে কিউবায় যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসকর্মীরা অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর আরও কয়েকটি দেশে মার্কিন দূতাবাসের কূটনীতিক ও কর্মীরা রহস্যজনকভাবে অসুস্থ হন।
কমলা হ্যারিসের বিলম্বের মাঝেই হ্যানয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনহ চিনহের সঙ্গে দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত অনির্ধারিত বৈঠক করেছেন। বৈঠকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী তাঁর দেশের পররাষ্ট্রনীতি কোনো একক দেশের পক্ষ নেবে না বলে নিশ্চিত করেছেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত তাঁর দেশের পক্ষ থেকে ভিয়েতনামকে ২০ লাখ ডোজ করোনার টিকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
ভিয়েতনামের অন্যতম বাণিজ্য অংশীদার চীন। দুই দেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে সমুদ্রসীমার মালিকানা নিয়ে বিরোধে ভিয়েতনাম বরাবরই চীনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। এ কারণে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব জোরদার করতে চায় বলে মনে করছেন বিশ্লেষকেরা।