চীনের ব্যাংক অ্যাকাউন্টে কী আছে ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইজিংয়ে ২০১৭ সালে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতাদের একটি সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়া চীনের একটি ব্যাংকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একটি ব্যাংকে নিজের অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছেন ট্রাম্প। ওই অ্যাকাউন্টটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট পরিচালনা করে। ওই অ্যাকাউন্ট থেকেই ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্থানীয় কর দেওয়া হয়েছে।

ট্রাম্পের একজন মুখপাত্র বলেন, এশিয়ায় হোটেল ব্যবসার সম্ভাব্যতা যাচাই করতে চীনের ওই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়।

প্রতিবেদনে বলা হয়, যেসব মার্কিন প্রতিষ্ঠান চীনে ব্যবসা পরিচালনা করছে তাদের ব্যাপক সমালোচনা করেন ট্রাম্প। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স রেকর্ড থেকে চীনের ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে জানতে পেরেছে নিউইয়র্ক টাইমস। ওই ট্যাক্স রেকর্ডেই ট্রাম্পের ব্যক্তিগত ও কোম্পানির আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে।

চীনের ওই ব্যাংকটির শাখা রয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় কর পরিশোধের কারণেই ওই ব্যাংকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট একটি অ্যাকাউন্ট খুলেছিল। এ ছাড়া এই অ্যাকাউন্টের মাধ্যমে চীনের সঙ্গে অন্য কোনো চুক্তি, লেনদেন বা ব্যবসায়িক কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়নি
অ্যালান গার্টেন, ট্রাম্পের প্রতিষ্ঠানের আইনজীবী
অ্যারিজোনায় ১৯ অক্টোবর এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, চীনে ট্রাম্পের ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার স্থানীয় কর পরিশোধ করা হয়েছে। অথচ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ও তাঁর ছেলে হান্টারের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বাইডেনের সমালোচনা করে আসছেন ট্রাম্প।

ট্রাম্পের প্রতিষ্ঠানের আইনজীবী অ্যালান গার্টেন নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, চীনের ওই ব্যাংকটির শাখা রয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় কর পরিশোধের কারণেই ওই ব্যাংকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট একটি অ্যাকাউন্ট খুলেছিল। এ ছাড়া এই অ্যাকাউন্টের মাধ্যমে চীনের সঙ্গে অন্য কোনো চুক্তি, লেনদেন বা ব্যবসায়িক কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়নি। ২০১৫ সাল থেকে ওই অফিসের কার্যক্রমও নিষ্ক্রিয় হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে তাঁর গলফ কোর্সসহ বিলাসবহুল পাঁচ তারকা চেইন হোটেল ব্যবসাও রয়েছে। এ ছাড়া চীন, ব্রিটেন ও আয়ারল্যান্ডে ট্রাম্পের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, চীনে ট্রাম্পের ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার স্থানীয় কর পরিশোধ করা হয়েছে
ছবি: রয়টার্স

এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, দুই বছরে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর মোটেও কোনো আয়কর দেননি। তবে এই অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ২০১৬ সালে। সেই বছর এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথম বছর ২০১৭ সাল মিলিয়ে ট্রাম্প মাত্র ৭৫০ ডলার করে আয়কর দেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ও তাঁর বিভিন্ন কোম্পানির দুই দশকের বেশি সময়ের কর দেওয়ার রেকর্ড তাদের হাতে এসেছে। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর মোটেও কোনো আয়কর দেননি। প্রতিবেদনে বলা হয়, ‘নিজের কোম্পানিগুলোর বারবার লোকসান দেখিয়েছেন এবং বছরের পর বছর ধরে আয়কর এড়িয়েছেন।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ এর দশক থেকে তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর মালিকানাধীন কোম্পানিগুলোর আয়কর নিরীক্ষা করেছে। এর পাশাপাশি ২০১৬ এবং ২০১৭ সালে ট্রাম্পের ব্যক্তিগত আয়করের প্রতিবেদনও তাঁরা পেয়েছেন। সেখানে দেখা গেছে, দুই বছরে প্রেসিডেন্ট মাত্র ৭৫০ ডলার করে কর দিয়েছেন। গত ১৫ বছরের মধ্যে কার্যত ১০ বছরই তিনি কোনো আয়কর দেননি। আয়ের চেয়ে লোকসানের পরিমাণ বেশি হওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে তাঁর গলফ কোর্সসহ বিলাসবহুল পাঁচ তারকা চেইন হোটেল ব্যবসাও রয়েছে। এ ছাড়া চীন, ব্রিটেন ও আয়ারল্যান্ডে ট্রাম্পের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে

প্রেসিডেন্ট হওয়ার আগে রীতিমতো একজন তারকা ব্যবসায়ী হিসেবে খ্যাতি ছিল ট্রাম্পের। আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হিসেবেও তাঁকে তুলে ধরা হয় সে সময়। কিন্তু আইআরএসের উপাত্ত তুলে ধরে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, তিনি কোটি কোটি ডলার আয় করেছেন। তার চেয়ে লোকসানের পরিমাণ বেশি দেখিয়েছেন শুধু কর ফাঁকি দেওয়ার জন্য।

ট্রাম্প তাঁর জমা দেওয়া নথিতে উল্লেখ করেছেন যে, ২০১৮ সালে তিনি অন্তত ৪৩৪ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছেন। কিন্তু সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আয়কর রিটার্নের নথি বলছে, তিনি সেখানে ৪৭ দশমিক ৪ মিলিয়ন ডলার লোকসান দেখিয়েছেন।