চুক্তি উদ্যাপনে বিশেষ বোনাস
কোনো প্রতিষ্ঠানের সফলতায় কর্মীর ভূমিকা সবচেয়ে বেশি থাকে। যখন কর্মীরা সেই কাজের স্বীকৃতি পান, তখন তাঁরা প্রতিষ্ঠানের অগ্রগতিতে আরও বেশি মনোযোগী হন। তাই স্প্যানক্স নামের একটি মার্কিন প্রতিষ্ঠান নিজেদের সফলতার ভাগ দিল কর্মীদের। কাজের বড় চুক্তি পাওয়ায় খুশি হয়ে প্রত্যেক কর্মীকে এককালীন বোনাস হিসেবে ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ৮ লাখ ৫৭ হাজার) দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের জন্য সব কর্মীকে উড়োজাহাজের প্রথম শ্রেণির দুটি টিকিটও দেওয়া হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানক্স যুক্তরাষ্ট্রের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্ল্যাকস্টোন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে। সেই চুক্তি উদ্যাপন করতে স্প্যানক্সের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সারা ব্লেকলি বিস্ময়করভাবে কর্মীদের ওই বিশেষ বোনাসের ঘোষণা দেন।
সম্প্রতি হলভর্তি কর্মীদের উদ্দেশে ভাষণ দেন সারা ব্লেকলি। ভাষণের মাঝপথে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘কেন আমি সারা বিশ্ব ঘুরি? কারণ, আমি এই মুহূর্তটা সারা বিশ্ব ঘুরে উদ্যাপন করতে চাই। শুধু আমি নিজে নই, আপনাদের প্রত্যেকের জন্য উড়োজাহাজের প্রথম শ্রেণির দুটি টিকিট কিনেছি। আপনারা যেকোনো দেশে ঘুরতে পারবেন।’
কর্মীদের জন্য ঘোর জাগানো বিস্ময়ের এখানেই শেষ নয়। সারা ব্লেকলি বলতে থাকেন, ‘আপনারা যেখানে যেতে চান, সেখানে উন্নতমানের রাতের খাবার পাবেন। ভালো মানের হোটেলেও থাকতে পারবেন। সুতরাং বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের জন্য আপনারা সবাই উড়োজাহাজের প্রথম শ্রেণির দুটি টিকিট এবং ১০ হাজার মার্কিন ডলার পাচ্ছেন।’
প্রতিষ্ঠানের প্রধান সারা ব্লেকলির ওই ঘোষণার পর কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আনন্দে কারও কারও চোখে পানি চলে আসে। ওই বোনাস ঘোষণার ভিডিও অনলাইনে প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে সারা ব্লেকলির উচ্চ প্রশংসা করে পোস্ট দেন। একজন লিখেছেন, ‘অন্যান্য প্রতিষ্ঠানের কর্তারা এর মাধ্যমে সত্যিই বুঝতে সক্ষম হবেন যে কর্মী ছাড়া তাঁদের প্রতিষ্ঠান অচল।’ আরেকজন লিখেছেন, ‘ওই প্রতিষ্ঠানের কর্মীরা কতটা কৃতজ্ঞ, তা আমি কল্পনাও করতে পারছি না। ধন্যবাদ জানানোর বিস্ময়কর উপায় এটি।’