চুক্তিবিরোধীরা মিথ্যাচার করছে: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, তাঁর দেশের পারচিন সামরিক স্থাপনার কার্যক্রম নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা নেহাত মিথ্যাচার। গত মাসে বিশ্বশক্তির সঙ্গে করা ঐতিহাসিক চুক্তির বিরোধীরাই এ মিথ্যা ছড়াচ্ছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের একটি সুপরিচিত গবেষণা প্রতিষ্ঠান পারচিন সামরিক স্থাপনা বিষয়ে ইরানের দেওয়া ব্যাখ্যা নিয়ে গত শুক্রবার প্রশ্ন তোলে। তারা বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে যেসব গাড়ির চলাচল দেখা যায়, সেগুলো সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত বলে মনে হয় না। ইরান এ বিষয়ে সে ব্যাখ্যাই দিয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে, পররাষ্ট্রমন্ত্রী জারিফ গতকাল শনিবার এ প্রসঙ্গে বলেন, ‘আমরা বলেছি, পারচিনে যে কার্যক্রম চলছে তা সড়ক নির্মাণ-সংক্রান্ত।...তারা আগেও এ ধরনের মিথ্যা প্রচার করেছে। তাদের লক্ষ্য পরমাণু চুক্তিকে ক্ষতিগ্রস্ত করা।’
ইরানের সঙ্গে বিশ্বশক্তির আলোচিত পরমাণু চুক্তির অংশ হিসেবে জাতিসংঘের নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) পারচিন স্থাপনা পরিদর্শন করতে চেয়েছে। দীর্ঘ আলোচনার পর ১৪ জুলাই ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের ওই চুক্তি হয়। এর আওতায় ইরান আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তার বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করে আনবে।
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি শুক্রবার বলেছে, ইরান হয়তো পারচিনে আইএইএর পর্যবেক্ষকদের সফরের আগে কোনো তথ্যপ্রমাণ সরিয়ে ফেলার চেষ্টা করছে।
ইরানের পার্লামেন্টের স্পিকারও এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। স্পিকার আলী লারিজানি বলেন, এটা বিশ্বের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এক মিথ্যা অজুহাত। পারচিনে কিছু কাজকর্ম চলছে বটে, তবে তাকে আওতা বাড়িয়ে সামরিক স্থাপনার সঙ্গে যুক্ত করা এবং এ নিয়ে হইচই বাধানো রূপকথার গল্পের শামিল।