৪০ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যখন কমিউনিস্ট চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন, স্নায়ুযুদ্ধের সে সময়ে সেটি ছিল বড় একটি জুয়া। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামাও আরেক বৈরী প্রতিপক্ষ ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে একটি বড় বাজি ধরলেন। এই চুক্তি ভালো কি মন্দ হলো তা নিয়ে নানা মত আছে। তবে এর একটি যুক্তিগ্রাহ্য মূল্যায়ন করতে আরও সময় অপেক্ষা করতে হবে। প্রেসিডেন্ট ওবামা নিঃসন্দেহে তত দিনে ক্ষমতা থেকে অনেক দূরে থাকবেন।
চুক্তিটি নিয়ে কট্টর ওবামা সমর্থকেরা পর্যন্ত মানছেন, এতে এমন কিছু নেই যা ইরানকে পরমাণু শক্তিধর হওয়া থেকে নিশ্চিতভাবে দূরে রাখতে পারে। ইরান চাইলে সে ক্ষমতা পেতে এর কিছু দেরি হবে মাত্র। চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনেরও অন্যতম স্থপতি, ওবামাবিরোধী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এই চুক্তিকে মারাত্মক ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্টে৶র আরেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী জর্জ পি শুলজের সঙ্গে সাম্প্রতিক এক যৌথ লেখায় তিনি বলেছেন, এ চুক্তির ফলে পশ্চিমের প্রতি ইরানের সাড়ে তিন দশকের চরম বৈরিতার কোনো অবসান হবে না।
তবে সবকিছুর পরও বলা যায়, এ কেবল শুরু। তিন দশক ধরে প্রায় কথা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকেরা ২০ মাস ধরে হোটেলের বন্ধ কক্ষে আলোচনা করেছেন। একে অপরকে বোঝার চেষ্টা করেছেন। এটা একেবারে ফেলনা নয়।
২০০৯ সালের জানুয়ারি মাসে ওবামা তাঁর উদ্বোধনী ভাষণে বলেছিলেন, ‘আপনার হাতের মুষ্টি খুললে আমি হাত বাড়িয়ে দেব।’ ভাষণে ওবামা এ-ও বলেন, সেই হাত প্রসারিত তাদের জন্যও তিনি করতে পারেন যারা, ওবামার ভাষায়, ‘দুর্নীতি করে ক্ষমতায় এসেছে এবং ভিন্নমতাবলম্বীদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করে।’ বলা বাহুল্য, ওবামা ইরানের দিকেই ইঙ্গিত করেছিলেন। তখন একটি বিষয় পরিষ্কার বোঝা গিয়েছিল, জর্জ ডব্লিউ বুশের যুগ শেষ। এরপর ছয় বছর চলে গেছে। ওবামার অনেক সহযোগী মনে করেছিলেন, তাঁর ইরান কূটনীতিতে কোনো সাফল্য আসবে না।
ইরানের পরমাণু কর্মসূচির প্রধান উদ্দেশ্য, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধ্বংস করে দেওয়া। আগামী বছরগুলোতে একটি বিষয় নিয়ে ভাবনায় থাকতেই হবে। সেটি হলো ইরানের সামরিক বাহিনী পরমাণু অস্ত্র বানাতে না পারার কষ্ট হিজবুল্লাহ গেরিলা এবং সিরিয়ার আসাদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখে পুষিয়ে নেবে কি না। ইরানের সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এবং সৌদি আরব খুশি নয়। তাদের আশঙ্কা, এর ফলে ইরান অর্থ ও শক্তিতে বলীয়ান হয়ে উঠবে। প্রেসিডেন্ট ওবামা এবং তাঁর উত্তরসূরিদের এই ভীতি দূর করতে হবে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ইরান নীতির বিশ্লেষক করিম সাজাদপের বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের জন্য সোভিয়েত ইউনিয়ন সমান হুমকি—এ ভাবনাতেই চার দশক আগে চীনের সঙ্গে চুক্তি হয়েছিল। চীনের নীতিতে বড় পরিবর্তনের ফলেই তা সম্ভব হয়েছিল। ইরানের নীতিতেও একটি বড় পরিবর্তন হয়েছে। তবে এর ফল বুঝতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।