চুরির দায়ে ডেল্টা এয়ারলাইনসের কর্মচারী গ্রেপ্তার
আইন প্রয়োগকারী সংস্থার হাতে নিউইয়র্কের জে এফ কে বিমানবন্দরের ডেল্টা এয়ারলাইনসের এক লাগেজ কর্মচারী গ্রেপ্তার হয়েছেন। তিন লাখ ডলার চুরির দায়ে ২৬ সেপ্টেম্বর নিজ বাসা থেকে কুইন্সি থর্প নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এফবিআই।
আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, ব্যাগেজ হ্যান্ডলার কুইন্সি থর্প অসুস্থতার অজুহাত দেখিয়ে কাজ থেকে ছুটি নিয়ে চলে যাওয়ার পর আর ফিরে না এলে সন্দেহ করা হয়। কারণ ঠিক তার আগেই নগদ ৩ লাখ ডলার বোঝাই একটি ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই ঘটনার পরপর ছুটি নেওয়া এবং আর ফিরে না আসায় মনে করা হয় যে, থর্পই ব্যাগটি হাপিশ করেছে। ব্যাগটি ফ্লোরিডার মায়ামিগামী ডেল্টা ফ্লাইট ১২২৫ উড়োজাহাজে বোঝাই হওয়ার কথা ছিল। এটি একটি বড় চালানের অংশ ছিল। কিন্তু তা হারিয়ে যায়। পরে কুইন্সি থর্পকে ২৬ সেপ্টেম্বর তাঁর ব্রুকলিনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ব্যাগটিতে মার্কিন ডলারের পাশাপাশি অন্য দেশের মুদ্রাও ছিল। এখনো ওই ব্যাগ উদ্ধার করা যায়নি। ২৬ সেপ্টেম্বরই ব্রুকলিনের ফেডারেল আদালতে থর্পের বিরুদ্ধে ‘গ্র্যান্ড লারসিনি’ চার্জ গঠন করা হয়। এদিকে উড়োজাহাজটিতে কর্তব্যরত ডেল্টা এয়ারলাইনসের ক্রুদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন এফবিআই কর্মকর্তারা।
এর আগেও জে এফ কে বিমানবন্দরে বেশ কয়েকটি হাই-প্রোফাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০০৩ সালে একদল মুখোশধারী ছিনতাইকারী একটি সাঁজোয়া গাড়িকে তাদের লক্ষ্যবস্তু বানায়। সে সময় ২০ লাখ ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সবচেয়ে বড় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে ১৯8৮ সালে। সেবার প্রায় ৬০ লাখ ডলার চুরি করেছিল একটি দল।