চুরির শিকার হওয়ার প্রথম অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই চোর একসঙ্গে ঢুকে পড়েছে রাজপ্রাসাদে। রাজকীয় অতিথিদের ডিনারে বসেই চোরদ্বয় বুঝে ফেলে তেমন ঘাঁটাঘাঁটি করতে হবে না। সোনার একটা চামচ সরিয়ে নিলেই হয়! প্রথম চোর সোনার কাঁটা চামচ পকেটে পোরার সময় প্রথম চোর দেখে ফেলে। নিজেকে চোরের ওপর বাটপার প্রমাণ করতে স্মার্ট পন্থা অবলম্বন করে দ্বিতীয় চোরটি। ডিনারের পর হালকা সময় চলছে।

জটলার মধ্যে শেষের চোরটি বলে ওঠে, ‘এবারে আমি ছোট একটা ম্যাজিক দেখাব। বলেই সোনার একটি কাঁটা চামচ দেখিয়ে বলল, ‘আমি এ চামচটি আমার পকেটে পুরব এবং এখানে উপস্থিত অতিথির কারও পকেট থেকে বের করব।’ বলেই নিজের পকেটে সোনার চামচ ঢুকিয়ে প্রথম চোরের পকেট থেকে আগে চুরি যাওয়া চামচ বের করতেই বাহবা উঠতে লাগল। তুমুল হাততালি। বেচারা প্রথম চোরের তখন থ হয়ে চেয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না।

এ গল্পের চোরের কাহিনিতে কৌতুক আছে। আমার কাহিনিতে আছে কষ্ট। তাহলে বলেই ফেলি।

ঈদ-শপিং করতে গিয়েছি। সঙ্গে ছেলের বউ, মেয়ে, আর ছোট জাকে নিয়ে ইস্ট লন্ডনের গ্রিন স্ট্রিটে। যখন গ্রিন স্ট্রিট গিয়েছি, তখন সবে বেলা সাড়ে বারোটা। এমন সময়েও কার-পার্কে পার্কিংয়ের কোনো জায়গা নেই। অনেক ঘোরাঘুরি করে পার্কিং করছে লোকজন। আমরা যখন গাড়ি পার্ক করে শপিং শুরু করেছি, তখন পুরা মার্কেট যেন লোকে লোকারণ্য। সবাই যে যার মতো কেনাকাটায় ব্যস্ত। আমরাও তখন শাড়ি-ড্রেস যার যেটা প্রয়োজন দেখে দেখে নিচ্ছি। মোটামুটি ভালোই চলছিল আমাদের কেনাকাটা।

যে দোকানে যাই, সেখানেই প্রচুর মানুষ। আমার মেয়ে, আর ছেলের বউ ড্রেস দেখে দেখে পছন্দ করছিল। আমি আর পোশাক দেখব কী, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকেই দেখি। পছন্দ শেষ করে ড্রেস নিয়ে ওরা যখন কাউন্টারে গেছে, আমিও তখন কাউন্টারে গেলাম বিল দিতে। ব্যাগের ভেতরে হাত দিয়ে দেখি মানিব্যাগ লাপাত্তা। খোঁজাখুঁজি অনেক করলাম। হাত ও চোখ উভয়েই ব্যর্থ। ভেঙে গেল মনটা। মনের আর দোষ কী? ঘটনার আকস্মিকতায় মন খারাপ হতে বাধ্য। ব্যাগটা আমার কাঁধেই ছিল। কখন যে ভেতর থেকে মানিব্যাগ গায়েব হয়ে গেছে, বুঝতেই পারিনি।

সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আমার মেয়েটা। কারণ ব্যাগে শুধু টাকাই ছিল না সেদিন, একটা সোনার চেইনও ছিল। সৌদি আরব থেকে কিনেছিলাম সে চেইনটা ওর প্রথম-জন্মদিন উপলক্ষে। সে খুব পছন্দ করে গলায় পরত। সুন্দর মানাত। কিছুদিন আগে চেইনটার হুক ভেঙে যায়। লন্ডনে সোনার দোকানে নিয়ে রিপেয়ার করে ব্যাগে রেখেছিলাম। মেয়ের এত শখের চেইন চুরি হয়ে গেল!

আমার জীবনে এমন ঘটনা এটাই প্রথম। আমি কখনো চুরি-ডাকাতি দেখিনি। অনেক আগে যখন দেশে গিয়েছিলাম, তখন আমার বাড়িতে একবার চুরি হয়েছিল। বাড়িতে চুরি হয়েছে শুনেও সেদিন ভয় পাইনি বা কষ্ট লাগেনি। কারণ আমি সামনে ছিলাম না সেদিন; আর ফিরে গিয়ে দেখতে পাই বাড়ির সবকিছুই অক্ষত আছে। আমি বাড়িতে ঢোকার আগে সবাই মিলে সবকিছু  ঠিকঠাক করে রেখেছিল। আজ যখন মানিব্যাগ চুরি হলো, তখন থেকে আমি হতবাক, স্তব্ধ। বিশ্বাস হচ্ছে না এত বড় শপিং সেন্টার, যেখানে সব ভদ্র মানুষ, অথচ সেখানেই! লন্ডনের মতো জায়গা তাও। ক্যামেরা লাগানো। অথচ সেখানেও মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে টাকা-পয়সা-মোবাইলসহ অনেক কিছু।

চুরির পর দোকান মালিককে বললাম বিষয়টা। মার্কেটের সিকিউরিটিকেও বললাম। ওরা বলে, আজ আমার আগে আরও পাঁচটা চুরির অভিযোগ হয়েছে। দোকানের ভেতরে বা বাইরে ক্যামেরা চেক করে এসব চুরি ধরা পড়ে না। কারণ, যারা চুরি করে, তারা নাকি এমনভাবে পোশাক পরে যে ক্যামেরায় ওদের চেহারা বোঝা যায় না। মন খারাপ করে জীবনের নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মানুষ কেমন করে এমন কাজ করতে পারে! টাকা চুরির জন্য মন খারাপ হচ্ছে না। শুধু আমার মেয়ের চেইনটার জন্য খারাপ লাগছে। ওটাতে জড়িয়ে আছে মেয়েটির প্রথম-জন্মদিনের আবেগমাখা স্মৃতি। ওটা প্রথম ওমরাহ-হজে গিয়ে কিনছিলাম। খুব পছন্দের জিনিস হারিয়ে গেলে সত্যি বারবার মন কাঁদে।