চুল লাল করায়...

চুলে লাল রং করে স্কুলে গিয়েছিল ১৫ বছর বয়সী কিশোরী হেইলি ব্ল্যাক। স্কুলের অধ্যক্ষের কাছে তা বড় বেশি উজ্জ্বল আর বেমানান মনে হয়েছে। এ জন্য ওই কিশোরীকে বাড়ি পাঠিয়ে দেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মাসল শোলস হাইস্কুলে গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে।
গত শুক্রবার ব্ল্যাকের মা কিম বয়েড বলেন, তাঁর মেয়ে তিন বছর ধরে চুলে এ রকম লাল রং করে আসছিল। এ ব্যাপারে আগে কোনো আপত্তি ওঠেনি। কিন্তু স্কুলটির অধ্যক্ষ চাদ হোলডেন গত সপ্তাহে তাঁর মেয়েকে অফিসে ডেকে ওই নির্দেশ দেন।
ব্ল্যাক ওই স্কুলটির ব্যান্ডদলেরও সদস্য। অধ্যক্ষের এমন সিদ্ধান্তে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে বলে তার মা জানান।
ব্ল্যাক তার চুলের রং স্বাভাবিক অবস্থায় (কালো) ফিরিয়ে আনার পরদিন তাকে স্কুলে ফিরতে অনুমতি দেয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বিরক্তিকর কৃত্রিম রং ব্যবহার করতে পারবে না বলে স্কুলটিতে নিয়মে আছে। তবে ব্ল্যাকের মায়ের দাবি, মানুষের চুলের লাল রং প্রাকৃতিক।
স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে আপিল করেছেন ওই কিশোরীর মা। তিনি আইনজীবীর মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন।