
সন্দ্বীপ সোসাইটি অব ইউএসএর নির্বাচন আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সোসাইটির কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক (২০২০-২১) নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে ১৯ অক্টোবর মাওলানা আবুল কালাম সভাপতি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি এবার প্যানেল ছাড়া স্বতন্ত্রভাবে একাই নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। ২০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আবদুল হান্নান পান্না এবং নুরুল আমিনের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল ১৯-২০ অক্টোবর (সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত)। মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের সময় ছিল ২২-২৩ অক্টোবর (সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত)।
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। প্রার্থিতা বাছাই ও চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হবে ২৬ অক্টোবর (সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা)।
ভোট গ্রহণের স্থান পিএস ১৭৯ মিলনায়তন। সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সন্দ্বীপ সোসাইটির পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নুরুচ্ছফা। কমিশনের সদস্যরা হলেন—মোহাম্মদ এম সুজন, লুৎফর করিম, মোহাম্মদ তুহা ও এমলাক হোসেন ফয়সল।
১৯ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে মাওলানা আবুল কালাম সভাপতি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি এবার প্যানেল ছাড়া স্বতন্ত্রভাবে একাই নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। সোসাইটির ২০১৩ সালের নির্বাচনে তিনি প্যানেল করে সভাপতি পদে লড়েছিলেন। হেরে যান মাহফুজুল মাওলা নান্নুর কাছে। গতবারের নির্বাচনে একই পদে লড়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তিনি আর মাঠে আসেননি।
সাড়ে তিন হাজার ভোটারের সংগঠন সন্দ্বীপ সোসাইটি অব ইউএসএ। ভোটার হিসেবে বাংলাদেশ সোসাইটির পর এই সংগঠনের অবস্থান। গত ৬ বছর পর এই সংগঠনে এবারও সরাসরি ভোটের নির্বাচন আশা করা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক ২০ অক্টোবর ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিন আবদুল হান্নান পান্না এবং নুরুল আমিনের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এই দুজনের নেতৃত্বাধীন প্যানেলই আনুষ্ঠানিকভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সপ্তাহজুড়ে। আবদুল হান্নান পান্না সন্দ্বীপ সোসাইটির বর্তমান সভাপতি। শুরুতে তাঁর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান প্রার্থী হচ্ছেন বলে জনশ্রুতি থাকলেও এখন নিশ্চিত। তাঁদের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম আলাউদ্দিন সাধারণ সম্পাদক পদে লড়বেন পান্নার প্যানেলে।
সন্দ্বীপ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম এবার সাধারণ সম্পাদক পদে লড়ছেন। তিনি নুরুল আমিনের প্যানেলে থাকছেন বলে জানা গেছে। নুরুল আমিন একজন নির্মাণ ব্যবসায়ী ও গাছুয়া প্রবাসী দান তহবিল সংস্থার সাবেক সভাপতি। নুরুল আমিনের রানিংমেট কে হচ্ছেন? অনেক জল্পনা কল্পনা এ নিয়ে। তাঁর প্যানেলে কারা থাকছেন এ নিয়ে প্রবাসী সন্দ্বীপবাসীদের মাঝে নানা আলোচনা চলছে।
নুরুল আমিন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে বলেন, ‘একটা স্বচ্ছ আর জবাবদিহিমূলক সংগঠন প্রতিষ্ঠা করা, সমিতির কর্মকাণ্ডকে শুধু দাফন-কাফনে সীমাবদ্ধ না রেখে কিছু সুদূর প্রসারী কাজ করাই আমার লক্ষ্য।’
নির্বাচন পরিচালনার জন্য ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকায় নির্বাচনী কার্যালয় সাজিয়েছেন নুরুল আমিন। সেখানে বসে আলোচনায় তিনি জানালেন, সন্দ্বীপবাসীর যারা আমেরিকায় নতুন আসেন, তাঁদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য সমিতি কাজ করবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে কাজ করার প্রতিশ্রুতি দেন নুরুল আমিন।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবদুল হান্নান পান্না প্রবাসী সন্দ্বীপবাসী তথা ভোটারদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে বলেছেন, ‘আপনারা চেয়েছিলেন বলে ২০১৩ সালে, ছয় বছর আগে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম। আমি মনে করি, এখনো কিছু করার বাকি আছে আমার। আমি বরাবরই বলে এসেছি, এ দেশের মূলধারার সমাজের সঙ্গে, রাজনীতির সঙ্গে, আমেরিকান আর্থসামাজিক অবস্থার সঙ্গে আমাদের অভিবাসী কমিউনিটির গভীর সংযোগ দরকার।’