চেরি ব্লসম ও করোনামুক্ত পৃথিবীর অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে যখন প্রথম  আসি ঘুরতে, আব্বু বলেছিল, ব্রঙ্কসের আশপাশে না যেতে।   আমার রেসিডেন্সি হলো সেই ব্রঙ্কসেই। আর আমি  সাবওয়ের ২ নম্বর ট্রেনে চেপে  হয়ে গেলাম ব্রঙ্কস বাউন্ড। এখানকার পেশেন্ট পপুলেশনের ধরন ভিন্ন। বেশির ভাগ  নিম্ন মধ্যবিত্ত লাতিন, যাদের ভাষা স্প্যানিশ। আফ্রিকান আমেরিকান, আর  কিছু বাংলাদেশিও থাকে। রেসিডেন্সি শুরুর পর থেকে যা ভালো লাগে, এই পাবলিক  হসপিটালের তা হলো—আইডিওলজি। কিছু রোগী আছে এখানে বছরের পর বছর ধরে; কোথাও  যাওয়ার জায়গা নেই এদের।  কিছু রোগী আছে, যারা আমাদের নিত্য পরিচিত। এরা  হোমলেস।  ইমারজেন্সিতে আসে খাবার ও রাত কাটাতে চেস্ট পেইনের অজুহাতে। কিছু  রোগী আছে  এয়ারপোর্ট থেকে নেমে সোজা চলে আসে। এই হসপিটাল তাদের কোনো প্রশ্ন  করে না। শুধু জানতে চায় ফেরার জায়গা আছে কি না। না থাকলে কোথায় ফিরবে সেই  ব্যবস্থা করে দেয় সুস্থ হলে।

মেডিসিনের ব্রেড অ্যান্ড বাটার কেসগুলো পাই আমরা ব্রেড অ্যান্ড বাটারের  মতোই; প্রতি দিনের শুরু আর শেষে। এত পরিচয় দেওয়ার একটাই উদ্দেশ্য। একটি  মহামারি কীভাবে বদলে দিয়েছিল একটি হাসপাতাল ও আমাদের জীবনকে—সেই গল্প  বলাই এর উদ্দেশ্য।

এইখানে  আসার পর থেকে শুনে আসছি, সবচেয়ে শিক্ষণীয় রোটেশন ICU (ইনটেনসিভ কেয়ার ইউনিট  )। এক সিনিয়র বলেছিলেন, ‘প্রজাপতি হয়ে যাব তারপর। সেই প্রজাপতি হওয়ার  অপেক্ষায় দিন কাটতে থাকল। ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ শুরু করলাম মার্চ  মাসের ৯ তারিখে।  ততক্ষণে ইতালিতে তাণ্ডব শুরু হয়ে গেছে।  ঝড় আসছে জানত  সবাই; কিন্তু কেন যেন আঘাতের জেরটা হিসাবে আনা যায়নি। মার্চের ১০ তারিখ  আমাদের প্রথম কোভিড-১৯ রোগী এল ইনটেনসিভ কেয়ারে। প্রথমে ঠিক করা হলো এক  কোভিড রোগীর জন্য একজন নার্স থাকবে। আর ডাক্তারদের মধ্যে সিনিয়রেরা রুমে  ঢুকে রোগী দেখে আসবে। হায় রে! সেই পরিকল্পনায় বালি ছিটিয়ে দু দিনের মধ্যে  পুরো হাসপাতাল রণক্ষেত্র হয়ে গেল।

তত দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করে দিয়েছে। ১২  মার্চের দিকে রাতে ফেরার পথে জানলাম, ইমারজেন্সিতে বেডের পর বেড ইনটুবেটেড  রোগী।  এত দিন পর্যন্ত ইনটুবেটেড রোগী সব মেডিসিন ইনটেনসিভ কেয়ার ইউনিটেই  আসত। ইনটুবেটেড রোগীর জন্য যা লাগে, তার সেটআপ মূলত মেডিসিন ইনটেনসিভ কেয়ার  ইউনিট ছাড়া আর কোথাও তেমন নেই। সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ারে আছে। কিন্তু  সেখানে মূলত সার্জিক্যাল রোগী। অপারেশনের পরের রোগীরা সেখানে সেবা নেন।

পরদিন সকালে গিয়ে যা ভেবেছিলাম তাই।  মেডিসিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে জায়গা  দেওয়ার মতো অবস্থা নেই। রোগীর  পর রোগী, জ্বর-কাশি নিয়ে আসছে। কিছুক্ষণের  মধ্যেই রক্তের অক্সিজেন কমে যাচ্ছে ফুসফুসের কার্যহীনতায়। হ্যাঁ, কোভিড এক  ধরনের বাজে নিউমোনিয়ার সৃষ্টি করে ফুসফুসকে অকার্যকর করে দেয় মুহূর্তের  মধ্যেই। রোগীর তখন ভেন্ট সাপোর্ট লাগে; মানে যান্ত্রিক  ফুসফুস।   যুদ্ধক্ষেত্রের মতো আমাদেরও একটা কমান্ড সেন্টার তৈরি হয়ে গেল।  সিনিয়র  রেসিডেন্টরা যে যেখানে ছিল ডাক পড়ল।  প্রাইমারি কেয়ার ডাক্তার থেকে শুরু  করে কার্ডিওলোজিস্ট সবাইকে  টিম রান করতে হবে।  যারা ভেন্ট পেশেন্টদের সেবা  দেবে, সাধারণত যে সেবা শুধু পালমনোলজিস্টরা দিয়ে থাকেন।

সিদ্ধান্ত হলো, সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ারকে মেডিসিন ইনটেনসিভ কেয়ারে  ইউনিট হিসেবে ব্যবহার করা হবে। এক দিনের মধ্যে বোঝা গেল, তা যথেষ্ট নয়।   সাধারণ  মেডিসিন ফ্লোরগুলোকে ডেমো ইনটেনসিভ কেয়ার ইউনিটে পরিণত করা হলো।  বুঝে ওঠার  আগেই কোভিড পিক শুরু হয়ে গেল। সঙ্গে প্রথম কোভিড  মৃত্যুর খবর এল; আমাদের প্রথম কোভিড রোগী মারা গেল। নিউইয়র্কে তখনো কিন্তু  কোয়ারেন্টিন শুরু হয়নি। কারণ, প্রথম কোভিড রোগীর মেয়েটাকে আমিই নিচের লবিতে  গিয়ে চিঠিটা দিয়ে আসি। যেখানে লিখেছিলাম, ‘সে আর তার দু বাচ্চাকে যেন ২ দু  সপ্তাহের ছুটি দেওয়া হয় কাজ থেকে এবং স্কুল থেকে।’’তখনো সাধারণ মানুষের  মাস্ক পরার চল শুরু হয়নি। মেয়েটা তাও মাস্ক পরে এসেছিল, তাই দেখে লবিতে  চিনেছিলাম। কোভিড-১৯ কোনো  বয়সকেই ছাড়ল না—৩৫, ৪২, ২৬, ২১, ৭০, ৬৫; সবাই তখন পাশাপাশি বেডের বাসিন্দা।  রোগীরা রেনাল ফেইলিয়রে যাওয়া শুরু করল। কোভিডের আরেক বৈশিষ্ট্য কিডনিতে  আঘাত হানা, যার জন্য ডায়ালাইসিস দরকার পড়ছিল।

উন্নত বিশ্বে একটা মহামারিকে ফ্রন্টলাইন থেকে মোকাবিলার সুযোগে যা  শিখলাম,  তা হলো হার না মানার মানসিকতা। প্রয়োজনের অনুপাতে ভেন্ট মেশিন কি  আছে, আজকে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, তো কাল দুই যন্ত্র দিয়ে  ডায়ালাইসিস দিতে হবে নয়জনকে। আমাদের নির্ধারণ করতে হবে, কোন দুই রোগী  ডায়ালাইসিস পাবে। সেই পুরোনো নিয়ম, পুরোনো চলে গিয়ে নতুনকে জায়গা করে দিতে  হবে।  ৩০ বনাম ৭০-এর বিতর্কে ৩০-কেই প্রাধান্য দেওয়া হবে।

এসব  আশঙ্কার সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয়ে যাচ্ছিল। ভেন্ট মেশিন সাপ্লাই  আসছিল। ওষুধও চলে আসছিল। আমরা ট্রায়াল ড্রাগগুলোও ব্যবহার করছিলাম।  সিডিসি  আজ এই নিয়ম দিচ্ছে, তো কাল আরেক  নিয়ম। আসলে কেউ চেনে না, জানে না এই  জিনিসকে।  মরিয়া হয়ে খুঁজছে সবাই। তাও   আমরা একেকটা জীবন বাঁচাতে চেষ্টা  করছিলাম আমাদের জীবন দিয়ে। সবকিছু ছিল; তারপরও  ছিল মৃত্যুর মিছিল। একদিন  আমার কাজ ছিল শুধু ডেথ সার্টিফিকেটগুলো ঠিক করা। ফাইলের পর ফাইল ডেথ  সার্টিফিকেট জমা পড়ে আছে।

প্রথম দিকে নিয়ম ছিল কোভিড রোগীর মৃত্যুর পর লাশগুলো মর্গে চলে যাবে।  সেখান থেকে ফিউনারেল হোম ডেড বডি পিক করবে। পরিবার শেষ দেখা দেখতে দেখতে  অনেক প্রসেসিং। শেষ দেখা কি দেখছিল কি না প্রথম দিকের কিছু পরিবার; তাও  জানি না। শুনেছি, ফিউনারেল হোম কোভিড জানলে দাহ করতে  পাঠাচ্ছিল। এক রোগীর  মৃত্যুর খবর দিয়েছিলাম যখন তার ছেলেকে, তিনি বারবার বলছিলেন, ‘আমি  ভেটেরান। আমিও কি দেখতে পারব না, তুমি একটু বলো ওদের।’ এই অনুনয় আমার আজীবন  মনে থাকবে। সঙ্গে অপারগতা। পরে নিয়মের কিছু পরিবর্তনের ব্যবস্থা করা  হয়েছিল।

আগেও ১২ ঘণ্টা  ডিউটি করেছি সবাই। কিন্তু মানসিকভাবে সবাই বিধ্বস্ত। সেই সময় উপলব্ধি করলাম  ব্যক্তিগত স্বার্থে যতই ক্ষুদ্রতা থাকুক, আমাদের মধ্যে সৃষ্টিকর্তা যেই  সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছে মনুষ্যত্ব, তা এখনো বৃহত্তর স্বার্থে জীবন্ত।  কত কত পরিবার ফোন রাখার সময় খুব যত্ন করে বলে, ‘ডক, ইউ স্টে সেফ।’ কেউ একজন  বলেছিল, ‘গড ব্লেস ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি।’ আমাদের খাওয়া আর কোনো  সমস্যাই  নয়। যে যেখান থেকে পারছে, যেভাবে সকাল-বিকেল খাওয়া পাঠাচ্ছে, কফি  পাঠাচ্ছে। বাতাসে কোভিডের গন্ধ। মাস্ক পরে নিশ্বাসে ঘোলা হয়ে আসা গগলসের  কাচ। ভারি গাউনে ক্লান্ত হয়েও রোগীর অক্সিজেন ঠিক রাখতে আমাদের দৌড়াদৌড়ি।   আসলে যত দিন মানুষ থাকবে, তত দিনই মনুষ্যত্ব থাকবে। আর সেই মনুষ্যত্বই এই  পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। এই আদিম বুড়ো পৃথিবীর বয়স বাড়তেই থাকবে।

এই লেখাটা যখন লিখি, তখন পিক শেষ, কারণ মানুষ গৃহবন্দী। আমরা আস্তে আস্তে  আমাদের পুরোনো রোগীদের ফিরে পাচ্ছি। সেই হোমলেস চেস্ট পেইনের অজুহাত, সেই  মেডিসিনের চিরাচরিত পরিচিত কেসগুলা। আমরা প্রায়ই আলোচনা করি, এত দিন এই  কেসগুলা কোথায় ছিল? তার মানে কি স্ট্রোক হার্ট ফেইলিউরের রোগীরা বিনা  চিকিৎসায় মারা গেছে? হতেই পারে। এই তাণ্ডবের ভিড়ে কত কিছু হারাচ্ছে, তার  খোঁজ এই পৃথিবী কি রাখে?  কোভিড পিক শেষে যা দেখছি, তা আরেক গল্প। 

কত মানুষ কাজ হারাচ্ছে, হারাচ্ছে ইনস্যুরেন্স। পরিচিত নেইবারহুড  দোকানগুলোর বন্ধ শাটারে জং ধরা শুরু করেছে মনে হয়। আমার লন্ডনবাসী বান্ধবী  প্রতি দিন একবার করে আমাকে বলেন, ‘শুন দোস্ত, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে  সব হবে।’ আমি প্রায় ভাবি, সেই বেঁচে থাকার জন্য যথেষ্ট কিছু কি আছে আজকে  মানুষের? শুধু নিশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারার জন্য কি এত দূর এগিয়ে  গিয়েছিল পৃথিবী? যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ব্যাটারিচালিত গাড়ি  পাওয়া  যায়। সব এগিয়ে যাওয়ার মধ্যে কোথাও কোনো একটা ভুল ছিল আমাদের। হয়তো  আমরা ভুলে গিয়েছিলাম যে, আমরা সবাই একটা আকাশের নিচেই থাকি। গেম অব থ্রোনস  জেনারেশন তাদের  আর্মি অব ডেড  দেখল। এই  ব্যাটেল অব ডেডের পর বিশাল কোনো  পরিবর্তন লাগবে এই পৃথিবীর। কে কীভাবে এই পরিবর্তন আনবে জানি না। কিন্তু  যেভাবে চলছিল,  ওইভাবে চলতে থাকলে আর্মি অব ডেড জয়ী হতে আর বেশি সময় লাগবে  না।

নিউইয়র্কের চেরি ব্লসম  ফেস্টিভ্যাল দেখার অপেক্ষায় এক জীবন অপেক্ষা করে গেছি। চেরি গাছ গাছের মতোই  নিজেকে মেলে ধরেছে। কিন্তু কোথায় জানি সুর নেই। সবাই বলাবলি করছে প্রকৃতির  নাকি আমাদের লাগবে না, আমাদের নাকি প্রকৃতিকে লাগবে। আসলে আমি বিশ্বাস করি  সবার আগে মানুষকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার মতো করে। তাহলেই সব থাকবে।

লেখক: ইন্টারনাল মেডিসিন রেসিডেন্ট, নিউইয়র্ক