চেরির সৌন্দর্যে ডুব

সাদা বরফের দিন প্রায় শেষ হতে চলেছে। আরেক শুভ্রময়তা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতে। কেননা, এখানে এরই মধ্যে সাদা চেরি ফুলে ছেয়ে গেছে আশপাশ। যদিও প্রকৃতি এখনো শীতের বিবর্ণতা কাটিয়ে ওঠেনি পুরোপুরি। তবু এক-দুই দিনের যে উষ্ণতা, তার আমন্ত্রণেরই ফুলময় পটোম্যাক নদীর আশপাশ আর ওয়াশিংটন মনুমেন্ট-কেন্দ্রিক চেরি বাগান। সেটা দেখতেই হাজার হাজার মানুষের ভিড় এখন রাজধানীতে।
গত সপ্তাহে গাড়িযোগে যখন ডিসিতে পৌঁছাই, তখন বাইরে তাপমাত্র ৭০ ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এটা তো একেবারে গ্রীষ্মের কাছাকাছি। কিন্তু রাতের গুঁড়িবৃষ্টি আবার পরদিন সকালে তাপমাত্রা নামিয়ে দিল ৩৮ ডিগ্রিতে। এমনই
খেলা চলছে প্রকৃতিতে। যদিও এখন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ। এই খেলাতে অবশ্য পূর্ব দিকের রাজ্য অর্থাৎ নিউইয়র্ক, নিউজার্সি বা কানেকটিকাট এখনো বিবর্ণ থাকলেও, ওয়াশিংটন ডিসির বিদেশি চেরিগাছগুলো তাতে কর্ণপাত করেনি। তারা ঠিকই শুভ্রতা ও সুবাস ছড়াচ্ছে। বিদেশি চেরিগাছ কেন বলছি, সেই গল্প পরে বলছি, আগে বলি দর্শনার্থীদের কথা।
নিউইয়র্ক থেকে দুই দিনের জন্য বাচ্চাদের নিয়ে ডিসিতে এসেছিলেন বিলকিস রহমান। বলছিলেন, ‘শীতে নিউইয়র্কে একেবারে ঠুঁটো জগন্নাথের মতো কাটিয়েছি কয়েক মাস। মনের মধ্যে এত পাথর চেপে বসেছিল। হঠাৎ মনে হলো এটা ঝেড়ে ফেলা দরকার। সে জন্য এই সাদা ফুলের রাজ্যে ঘোরার চেয়ে ভালো জায়গা আর হয় না। তাই চলে এসেছি।’
ভার্জিনিয়া থেকে আসা আরেক প্রবাসী বাংলাদেশি পরিবারের সঙ্গে দেখা। রোকসানা শারমীন বলছিলেন, ‘ভার্জিনিয়াতে থাকার কারণে আমার বাড়ির পাশেও চেরিগাছ দেখা যায়। চলতি পথে, বাজারে বা বাচ্চার স্কুলে যাওয়ার সময়ও দেখি। কিন্তু সেগুলোকে কি আর অতটা চেরি মনে হয়? এখানে তো চেরির রাজ্য। সে কারণেই ঘুরতে এসেছি আলাদা করে চেরি দেখার জন্য।’
শুধু নিউইয়র্ক তো নয়, অনেক দূর থেকেও এসেছেন অনেকেই। ভিনদেশি পর্যটকেরাও আছেন সেখানে। কথা হচ্ছিল জাপানি এক পর্যটকের সঙ্গে। বললেন, ‘আমি নিউইয়র্কের ব্রুকলিনের চেরি বাগানেও গিয়েছে। ওই চেরির চেয়ে এগুলো একটু আলাদা। ওগুলো কিছুটা লালচে, কিন্তু এগুলো একেবারে সাদা। ঠিক আমাদের টোকিও শহরের মতো।’
ওই জাপানি ভদ্রলোকের দাবি, এই চেরিগাছগুলো আসলে জাপানের। অবাক হয়ে জানতে চাইলাম, সত্যি কি না? এরপর তাঁর দাবির সত্যতা খুঁজতে উইকিপিডিয়ার সাহায্য নিলাম। হ্যাঁ, ঘটনা সত্য।
১৯১২ সালে জাপানের টোকিও শহরের মেয়র ওইকিয়ো ওজাকো জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রীর নিদর্শন হিসেবে এই গাছগুলো বিশেষ ব্যবস্থায় পাঠিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে। সংখ্যায় প্রায় সাড়ে তিন হাজার চেরিগাছ। তবে তারও দুই বছর আগে একবার দুই হাজার গাছ পাঠিয়েছিলেন কন্টেইনারে করে। সেগুলো মারা যাওয়ার পর দ্বিতীয় দফায় এই গাছগুলো পাঠান টোকিওর মেয়র। কিন্তু চেরি ফুলকে লক্ষ করে এই উৎসবের সূচনা হয় আরও পরে, ১৯২৭ সালে।
সে বছর একদল শিক্ষার্থী প্রথমে ঘটা করে চেরির সৌন্দর্য দেখার জন্য ক্যাম্প করেছিলেন ওয়াশিংটন ডিসিতে। ফুল আর ফুটফুটে বাচ্চাদের ক্যাম্পিংয়ের সে খবর ছাপায় পত্রিকাগুলো। এর পরই এই জায়গাটি ভ্রমণপ্রিয় আমেরিকানদের নজর কাড়ে। সেই থেকে প্রতিবছর বসন্তের আগমনী এই সময়টাতে সেখানে ভিড় জমান পর্যটকেরা।
এপ্রিলের শুরু থেকেই শুরু হয় পর্যটকদের আনাগোনা। থাকে খুব বেশি হলে দুই সপ্তাহ। এবার যেহেতু শীত এখনো আছে, সে কারণে দু-চার দিন বেশি থাকতে পারে। এই ফুলগুলো এখন ঝরে পড়ার অপেক্ষায়। ঝরে পড়লেই জন্ম নেবে সবুজ কুঁড়ি। সেই সবুজে ঝলমল করে উঠবে গোটা ওয়াশিংটন মনুমেন্ট-কেন্দ্রিক পার্কটি। তার আগেই শুভ্র ফুলের সৌন্দর্যে ডুব দিতেই ছুটছেন ফুলপ্রেমীরা।