চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়ে দিলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উইকিলিকসের হাতে মার্কিন গোপন নথি তুলে দেওয়ার দায়ে দণ্ড পাওয়া চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১০ সালে চেলসির ৩৫ বছরের কারাদণ্ড হয়। প্রেসিডেন্ট তা কমিয়ে সাত বছর করেছেন। এর ফলে ২০৪৫ সালের বদলে চলতি বছরের ১৭ মে মুক্তি পেতে যাচ্ছেন চেলসি। আজ বুধবার বিবিসির খবরে এ কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রে ইতিহাসে গোপন নথি ফাঁসের দিক থেকে সেটি ছিল সবচেয়ে বড় ঘটনা। ওই ঘটনায় ব্র্যাডলি ম্যানিং নামের মার্কিন সেনার বিচার শুরু হয়। রায় ঘোষণার একদিন পর ব্র্যাডলি ম্যানিং জানান, তিনি লিঙ্গান্তর করে চেলসি ম্যানিং নাম নিয়েছেন। তিনি কানসাসের ফোর্ট লিভেনওর্থ কারাগারে পুরুষ বন্দীদের সঙ্গে থাকতে আপত্তি জানান। গত বছর তিনি অন্তত দুবার আত্মহত্যার চেষ্টা করেন, একবার অনশনেও গেছেন। মার্কিন সামরিক বাহিনী তাঁর লিঙ্গ পরিবর্তন পরবর্তী চিকিৎসা দেওয়ার নিশ্চয়তা দিলে তিনি অনশন ভঙ্গ করেন।

চেলসি ম্যানিংয়ের দণ্ড নিয়ে মার্কিন জনমত দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি অংশ মনে করে, তিনি মার্কিন সামরিক বাহিনীর গোপনীয় বিষয়গুলো প্রকাশ করে সঠিক কাজ করেছেন। তাঁর মুক্তির দাবিতে এক লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করে হোয়াইট হাউসের কাছে আবেদনপত্র জমা দিয়েছে। আরেক পক্ষের কাছে, চেলসি বিশ্বাসঘাতক। তিনি মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তার নীতি লঙ্ঘন করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে খুশি চেলসি ম্যানিংয়ের আইনজীবী ডেভিড কম্বস। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে আমি ও চেলসি কৃতজ্ঞ।’

তবে প্রেসিডেন্ট ওবামার এমন সিদ্ধান্ত খুশি করতে পারেনি রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনসহ বিরোধী শিবিরকে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ম্যাককেইন বলেছেন, ‘এটি ভুল সিদ্ধান্ত। ভয় হচ্ছে, এটি না আবার অন্যদের এ ধরনের কাজ করতে উৎসাহিত করে।’

মার্কিন সামরিক বাহিনী ম্যানিংকে সাত লাখেরও বেশি গোপন কূটনৈতিক ও সামরিক নথি এবং ভিডিও ফাঁসের ঘটনায় অভিযুক্ত করে বিচারের আওতায় এনেছিল। এসব ভিডিওর মধ্যে ২০০৭ সালে ইরাকের বাগদাদে অ্যাপাচে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ১২ বেসামরিক ব্যক্তিকে হত্যার ভিডিও ছিল।