চোরাচালানের অভিযোগে মেরিল্যান্ডে তিন বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ সিগারেট ও তামাকজাত দ্রব্য চোরাচালানের অভিযোগে মেরিল্যান্ডে তিন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন মেহবুব চৌধুরী (৩৭), মঞ্জুরুল ইসলাম (২৯) ও আবদুল করিম (১৮)। সম্প্রতি মেরিল্যান্ডের নর্থ ইস্ট বাল্টিমোরে পুলিশ, এফবিআই, এটিএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত এক অভিযানে এ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫ লাখ ডলার মূল্যমানের তামাকজাত দ্রব্য ও সিগারেট উদ্ধার করা হয়।
প্রিন্স জর্জ কাউন্টি ও বাল্টিমোর সিটির একাধিক স্থানে গত ৫ নভেম্বর ভোরে এই অভিযান পরিচালিত হয়। বছরব্যাপী অনুসন্ধান ও তদন্তের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ তামাকজাত পণ্য জব্দ করে। একে মেরিল্যান্ডের ইতিহাসের সর্ববৃহৎ চোরাচালানের ঘটনা বলে উল্লেখ করেছেন মেরিল্যান্ড তামাক নিয়ন্ত্রক কর্মকর্তা পিটার ফ্রাঙ্ক।
এই অপকর্মে জড়িত থাকার জন্য মেহবুব চৌধুরী ও মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অবৈধ সিগারেট ও তামাকজাত দ্রব্য গুদামজাত ও বিক্রির অভিযোগ আনা হয়েছে। এই দুজনকে মেরিল্যান্ডের বৃহত্তর তামাক পাচার সিন্ডিকেটের অংশ বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিপণনের আলাদা আইন আছে। আলাদা কর আইনের আওতায় এসব পণ্য অঙ্গরাজ্যের বাইরে থেকে নিয়ে আসা বা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া মারাত্মক অপরাধ। বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে থাকা কর হারে তারতম্যের কারণে এটি লাভজনক ব্যবসা হলেও স্থানীয় আইনে এটি চোরাচালান হিসেবে গণ্য।
পুলিশ জানায়, মেহবুব চৌধুরী ও মঞ্জুরুল ইসলাম অঙ্গরাজ্যে ট্যাক্সবিহীন তামাক পাচার ও টোব্যাকো জাতীয় সামগ্রী গুদামজাত করতেন। পরে তা খুচরা দোকানে সরবরাহ করা হতো। নর্থ ইস্ট বাল্টিমোরের টোব্যাকো অ্যান্ড কনভিনিয়েন্স স্টোর পরিদর্শনকালে এজেন্টরা বাল্টিমোরের ১৮ বছরের স্টোর ক্লার্ক আবদুল করিমকে জিজ্ঞাসাবাদ করেন।
মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস বলেছে, তারা এ ধরনের কোনো বেআইনি কাজকে কখনো সহ্য করবে না। সাম্প্রতিক এ গ্রেপ্তারের ঘটনাই এর প্রমাণ।