চ্যাংদোলা করে বিমান থেকে নামানো হলো নারীকে!

বিমানে ওঠার পর যাত্রীদের যত্নআত্তির জন্য এয়ার হোস্টেসরা সব সময় সতর্ক থাকেন। সিটবেল্ট বাঁধলেন কি না বা কোনো অসুবিধা হচ্ছে কি না—এসব নজরদারিতেই ব্যস্ত থাকেন তাঁরা। এতে যাত্রীরাও খুশি। কিন্তু সেই বিমানে ওঠার পরই কিনা এক নারী যাত্রীকে টেনেহিঁচড়ে চ্যাংদোলা করে নামিয়ে দেওয়ার মতো কাজ করল কর্তৃপক্ষ! ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে মিশিগানের রমুলাস শহরের ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটের ওই নারী যাত্রী বিমানবন্দরের কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেননি। আর এ কারণেই তাঁকে বিমান থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিমানে ওঠার আগে ওই নারী যাত্রী নিয়ম অনুযায়ী টার্মিনাল ফটকে তাঁর ব্যাগ পরীক্ষা করাননি। তারপরও তিনি কীভাবে যেন বিমানে উঠে গেছেন। তাঁকে নেমে যাওয়ার জন্য বিমানকর্মী অনুরোধ করলেও ওই যাত্রী তা শোনেননি। এ কারণেই ওই যাত্রীকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁরা ওই যাত্রীর নাম প্রকাশ করেননি।
অনলাইনে ছড়ানো একটি ভিডিও চিত্রে দেখা গেছে, ইউনিফর্ম পরা পুলিশের সদস্যরা ওই নারী যাত্রীকে হাতকড়া পরিয়ে তাঁর সিট থেকে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে যাচ্ছেন। পাশের সিটে বসা অন্য যাত্রীরা তা দেখছেন।
মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী যাত্রীকে কেউ তাঁর পা ও কেউ তাঁর হাত ধরে চ্যাংদোলার মতো করে নামিয়ে দিয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই নারী বেশ উত্তেজিত ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের আইন লঙ্ঘনের কারণে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।
তবে ওয়েনে কাউন্টির সরকারি কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র মারিয়া মিলার গতকাল মঙ্গলবার বলেছেন, বিষয়টি রমুলাস শহরের সরকারি কৌঁসুলি পর্যালোচনা করছেন।