
আমেরিকার ভার্জিনিয়ায় লেকরিজ স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা গোল্ডকাপ ফুটবল ২০১৯ টুর্নামেন্ট। এতে বেঙ্গল টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লেকরিজ স্পোর্টস ক্লাব।
১২ জুলাই ভার্জিনিয়া স্টেটের ড্রামফ্রিজ স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ওয়াশিংটন এরিয়ার ১০টি বাংলাদেশি ফুটবল দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে দিনভর খেলায় অংশ নেয়। দলগুলোর মধ্যে ছিল—লেকরিজ স্পোর্টস ক্লাব, বেঙ্গল টাইগার্স, ঝালমরিচ, লাউডেন কাউন্টি, লেইডব্যাক, প্যান্থার, প্রিন্স উইলিয়াম কাউন্টি, রিভেঞ্জার্স ও ডালাস ইউনাইটেড।
দিনভর অনুষ্ঠিত এই খেলায় পয়েন্টের ভিত্তিতে লেকরিজ স্পোর্টস ক্লাব ও বেঙ্গল টাইগার্স শীর্ষস্থান দখল করে নেয়। পরে এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত চল্লিশ মিনিটের খেলায় লেকরিজ স্পোর্টস ক্লাব ও বেঙ্গল টাইগার্সের মধ্যে ১-১ গোলে ড্র হয়। খেলার ফলাফল নির্ধারণে অতিরিক্ত সময় খেলায় বেঙ্গল টাইগার অপারগতা জানালে আইন অনুযায়ী লেকরিজ স্পোর্টস ক্লাব বাংলা গোল্ড কাপ ২০১৯-চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন শরীফ মোহাম্মদ।
খেলা শেষে আয়োজক সংগঠন লেকরিজ স্পোর্টস ক্লাব ম্যানেজমেন্টের ইমতিয়াজ রাসেল, তাজবীর আহমেদ, মাসুম, ইকবাল, মোহাম্মদ রাসেল ও আসিফ বাবু খেলায় অংশ নেওয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আগামী বছর গ্রীষ্মের ছুটিতে আবারও বাংলা গোল্ডকাপ ফুটবল ২০২০ ঘোষণার মধ্য দিয়ে এই খেলার সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।