চ্যালেঞ্জিং পেশায় বাঙালি নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পৃথিবী বিখ্যাত নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) কাজ করছে এখন বাঙালি নারীরা। মেয়ে মানে কিছু নির্দিষ্ট কাজের ঘেরাটোপে বন্দী থাকবে এমন তো নয়! বহু চ্যালেঞ্জিং কাজে এখন যুক্ত তারা। আমেরিকার মূলধারায় পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে চলেছে সমানতালে। আমেরিকা এমন একটি দেশ, যেখানে কাজের ক্ষেত্রে নারী-পুরুষের পার্থক্য করা হয় না। নারী বলে আলাদাভাবে ব্র্যাকেটবন্দী করা হয় না। তবে পুলিশের মতো চাকরিতে স্বামী-সন্তান-সংসার সামলে কাজ করা চাট্টিখানি ব্যাপার নয়। আবার এ কাজের জন্য শারীরিক ফিটনেস অত্যন্ত জরুরি, যা বাঙালি মেয়েদের মধ্যে খুব বেশি নেই। এর মধ্যেও অনেকে উঠে আসছে। আজকের লেখায় আমরা শুনব হসপিটাল পুলিশ মহুয়া মৌরি ও স্কুল সেফটি এজেন্ট সুতপা মণ্ডলের কথা।

তার আগে জেনে নিই আমেরিকার মূল পুলিশ বিভাগে কী অবস্থা এখন বাঙালি মেয়েদের। এনওয়াইপিডির গোয়েন্দা জামিল সারোয়ার জনি বাংলাদেশি আমেরিকান পুলিশ সোসাইটির মিডিয়ার দায়িত্ব পালন করেন। তিনি জানালেন, এনওয়াইপিডিতে এখন অনেক মেয়ে ইউনিফর্ম পুলিশ অফিসার হিসেবে কাজ করছেন। সংখ্যায় তাঁরা ষোলো জনের মতো হবে। এর মধ্যে ফাইজুন নেছা সার্জেন্টের দায়িত্ব পালন করছেন। তাসলিমা আক্তার, সোনিয়া বড়ুয়া, হাসি আক্তার, সামিনা আলম, রোমেনা আলী, শারমিন আক্তার, নাজনিন আক্তার, নিপুন আক্তার, ছন্দা, তাহমিনা চৌধুরী, নাসরিন আলমরা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে সামিনা আলম এনওয়াইপিডি মুসলিম অফিস সোসাইটির জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি এনওয়াইপিডির হয়ে বাংলাদেশেও গিয়েছিলেন বাংলাদেশি পুলিশদের প্রশিক্ষণ দেওয়ার জন্য।

বিভিন্ন হাসপাতালে গেলে আমরা নানা দেশের পুলিশ কর্মকর্তাকে দেখি। সেখানে একজন বাঙালি কর্মকর্তাকে দেখলে আপনার কেমন অনুভূতি হবে? জ্যামাইকায় অবস্থিত কুইন্স হাসপাতালে গেলে আপনি দেখা পাবেন মহুয়া পারভিন মৌরির। গত এক বছর ধরে তিনি ওখানে দায়িত্ব পালন করছেন। যদিও তিনি থাকবেন ব্রঙ্কসের ক্যাসেলহিলে। কীভাবে আমেরিকায় এলেন মহুয়া? তিনি জানালেন, ‘বাবার বিমানবাহিনীতে চাকরির সুবাদে ঢাকায় থাকতাম। গ্রামের বাড়ি বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে মাস্টার্স করার পর বাংলা লিংকে কাস্টমার কেয়ার অফিসার হিসেবে কাজ করি। ২০১২ সালে চাচা আমাদের জন্য আবেদন করলে এখানে চলে আসি। বাবা নিউইয়র্কে এসে অসুস্থ হয়ে পড়লে আমরা বোনেরা পরিবারের হাল ধরি। ডানকিন ডোনাট থেকে মেসির ডায়মন্ড স্পেশালিস্ট; অনেক ধরনের চাকরি করেছি। ২০১২ সালে বাবার মৃত্যু, তারপর বিয়ে, সন্তানের মা হওয়া—সবকিছুর মধ্যে ক্যারিয়ারের চিন্তা কখনো বন্ধ রাখিনি। এ জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ দিই আমার মা ও জীবনসঙ্গী আশিক মাহমুদকে।’

.
.

কীভাবে পেলেন এই চাকরি? মহুয়ার উত্তর, ‘ডিসিএএস নামের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আমি প্রথমে যে পরীক্ষা দিয়েছিলাম সেটা হলো ‘স্কুল সেফটি এজেন্ট’। ৮৯ দশমিক ৬০ শতাংশ নম্বর পেয়ে তালিকায় ২০০তম স্থান অধিকার করেছিলাম। এরপর কারেকশন অফিসার, স্পেশাল অফিসার, এনভায়রনমেন্টাল অফিসার, এমটিএ স্টেশন এজেন্ট, হোয়াইটপ্লেন পুলিশ অফিসার—এসব পরীক্ষায় অংশ নিয়েছি বছরের বিভিন্ন সময়ে। প্রায় এক বছর ধরে এগারো ধাপে ইন্টারভিউ দিয়েছি কাস্টমস অফিসার ও বর্ডার প্রোটেকশন পদটির জন্য, যা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অধীনে একটি প্রেস্টিজিয়াস জব। প্রত্যেক পরীক্ষায় ৮৬ শতাংশের ওপর নম্বর পেয়েছি। বিজ্ঞানের ছাত্রী হওয়ায় সাইকোলজিক্যাল রিজনিং ও গণিতের প্রশ্নগুলো হাতছাড়া হতে দিইনি। আরেকটু স্মার্ট হলে বাকি প্রশ্নের উত্তর “এলিমিনেশন” পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে দেওয়া যায়। অনেক চিন্তা করে এনওয়াইপিডির হাসপাতাল পুলিশ ব্রাঞ্চের স্পেশাল অফিসার হিসেবে যোগ দিই। কারণ, আমাকে দুই সন্তানের মা, একজন স্ত্রী ও একজন সফল ক্যারিয়ারিস্ট হিসেবে সমানভাবে ফাংশন করতে হবে।’

এবার শোনা যাক স্কুল সেফটি পুলিশ সুতপা মণ্ডলের কথা। সংগীতশিল্পী সুতপাকে নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের সবাই চেনে। ওনার জন্ম ঢাকা জেলায়। হলিক্রস কলেজে এইচএসসি ও ইডেন থেকে অনার্সসহ মাস্টার্স করেছেন। পাঁচ বোন ও তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সুতপা। মহুয়ার মতো ডিকাসের ওয়েবসাইটে গিয়ে স্কুল সেফটি পদে অনলাইনে ফর্ম ফিলাপ করে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। আঠারো সপ্তাহের একাডেমি ট্রেনিং শেষে পূর্ণাঙ্গ স্কুল সেফটি অফিসার হিসেবে নিয়োগ পান। ছোটবেলা থেকে স্রোতের বিপরীতে চলতে পছন্দ করা সুতপা মনে করেন, ‘মানুষের জীবনে পূর্ণতা কখনো আসে না। তবু বিশ্বের সবচেয়ে নামকরা পুলিশ বিভাগের হয়ে কাজ করতে পারা অনেক বড় অর্জন। আর আমি কখনো নারী হিসেবে নিজেকে ভাবিনি; মানুষ হিসেবে মনে হয়েছে আমারও করার কিছু আছে।’ সুতপা বিশ্বাস করেন, ‘বুদ্ধি-মেধা-সাধনা-পরিশ্রম থাকলে, আর সর্বোপরি লক্ষ্য স্থির থাকলে মেয়েদের জন্য সবকিছুই সম্ভব। আমার মা যখন চাকরির খবরটা শোনেন, তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন। ওই মুহূর্তে মনে হয়েছে একজন সন্তান হিসেবে সার্থক আমি।’

একজন পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারীর ত্যাগ মূল নিয়ামক হিসেবে কাজ করে, সেভাবে একজন পুরুষের সহযোগিতা ছাড়াও নারীর উঠে আসা কঠিন। সুতপা সরাসরি বলেন, ‘আমার স্বামী জনপ্রিয় আবৃত্তিকার গোপন সাহার সহযোগিতা ছাড়া আমার পক্ষে অসম্ভব ছিল এই জায়গায় নিজেকে নিয়ে আসা। বলা যায়, তাঁর সহযোগিতার ওপর ভর করেই আজ আমি স্কুল সেফটি অফিসার। আমার সন্তান জনম সাহা ও গুঞ্জরী সাহা বাবার সঙ্গে থেকে আমাকে নানাভাবে সহযোগিতা করেছে। ট্রেনিং চলাকালে আমার স্বামী একটি চ্যালেঞ্জিং পেশায় থেকেও যেভাবে সংসারের দায়িত্ব পালন করেছে সেটা সত্যি অনুসরণীয়।’ সুতপা অন্যান্যদেরও এই পেশায় আসার আহ্বান জানান। তাঁর মতে, ‘এ জন্য তিনটি শর্ত পালন করতে হবে। প্রথমে আমেরিকার সিটিজেন হতে হবে। দ্বিতীয়ত, হাইস্কুল ডিপ্লোমা থাকতে হবে। এবং সর্বশেষ শারীরিকভাবে ফিট হতে হবে।’

মহুয়াও জানালেন পুলিশের চাকরির জন্য ফিটনেসের কথা। তিনি বলেন, ‘একটা নির্দিষ্ট ওজন বজায় রাখতে হবে।’ কুইন্স হাসপাতালে একজন সুইসাইডাল পেশেন্টের জীবন বাঁচানোর জন্য প্রশংসিত হওয়া এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন। মহুয়া বলেন, ‘বেশির ভাগ বাঙালি নারী বিয়ের আগে ও পরে বাবা-ভাই-স্বামীর ওপর নির্ভর করে ঘরের মধ্যে থেকে নিরাপদে জীবন কাটিয়ে দিতে চায়। তারা কোনো চ্যালেঞ্জ নিতে চায় না। সেখানে আমরা যারা অন্যের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছি, তাদের কাজটা অনেকটা বিপ্লবের মতো। এই বিষয়টা আমাকে খুব আনন্দ দেয়।’