ছড়াটের ব্যতিক্রমী আয়োজন

সাময়িক পত্রিকা ‘ছড়াটে’ বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এবারও সম্মাননা জানাল শিশুদের। নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করেন ছড়াটের চার কর্ণধার ছড়াকার মনজুর কাদের, শামস চৌধুরী রুশো, খালেদ সরফুদ্দিন ও আবু সাইদ রতন।
ব্যতিক্রমী এ আনন্দমেলা ও ইফতার মাহফিলে শিশুশিল্পী ও তাদের অভিভাবক এবং শিল্প-সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন। শিশুদের সঙ্গে বয়োজ্যেষ্ঠদের এ সম্মিলন এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও ’ছড়াটে’ শিশুদের সম্মাননা জানায়। সঞ্চালক ছড়াকার মনজুর কাদেরের আহ্বানে একে একে মঞ্চে আসে শিশুশিল্পী মুন, লিউনা, কাব্য, গল্প, নাহিন, জনম, গুঞ্জরি, নুহা, নোয়েল, সামি, আসীম, আওসাফ, অপর্ণা আমিন, সারাহ্ শাম্স, পারাপার খালেদ, মাইশা, ইশিকা, কৈশি, নাহরীন, নামিয়া, তুলি, রিতিকা, রিতু, সুমাইয়াসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বেলাল বেগ, মুত্তালিব বিশ্বাস, তাজুল ইমাম, সেলিমা আশরাফ, এ্যানি ফেরদৌস ও নিলুফার জাহান, সাবিনা নিরু নিহার, গোপন সাহা, মনিজা রহমান, শামীম আল আমিন, মিশুক সেলিম, এবিএম সালেহউদ্দিন, মিনহাজ আহমদসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
বিশেষ এ আয়োজনে মুগ্ধ শিশুশিল্পীরা বলে, ‘আমরা মঞ্চে আপনাদের লেখা পড়ি; কিন্তু পাশাপাশি বসে গল্প করার সুযোগ পাই না। ছড়াটে আমাদেরকে সে সুযোগ করে দিল।’
অভিভাবক ও আমন্ত্রিত গুণীজনেরা বলেন, শিশুদের নিয়ে ছড়াটের এমন ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিশুদের এই সঙ্গ বড়দের জীবনীশক্তি বাড়িয়ে দেয়। তাঁরা সবাই শিশুদের মঙ্গল ও ছড়াটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ছড়াকার শামস চৌধুরী রুশোর পরিচালনায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত ছড়াকারদের ছড়া নিয়ে ২০১৯ সালের ছড়াটে সংকলনটির মোড়ক উন্মোচন করেন শিল্পী তাজুল ইমাম, কবি বেলাল বেগ ও সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। ইফতার পর্ব শেষে বিশাল কেক কেটে তিন শিশুশিল্পী লিউনা, রাইসা ও অরিত্রর জন্মদিন পালন করা হয় অনুষ্ঠানে।