ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ছবি অনেক বছর ধরে যত্ন করে রেখে দিয়েছি। আমার গ্যালারিতে আমার পরিবারের সদস্যদের ছবির সঙ্গে এই ছবিও যত্ন করে রাখা। অনেক পছন্দের ছবি আমার। এ ছবির দিকে তাকালে আমি পুরো বাংলাদেশ দেখতে পাই। পুরো বাঙালি জাতিকে দেখতে পাই।
ছবির মাঝের জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর দু পাশে দুই নারী—একজন মেয়ে, অন্যজন স্ত্রী। দুজনের চোখে-মুখে প্রশান্তির হাসি। ছবি কথা বলে। কন্যা ও স্ত্রীর কাছ থেকে কোনো অভাব অভিযোগ শেখ মুজিবকে কখনো সহ্য করতে হয়নি। এ যেন এক মহাসাগর সমান শান্তি।
এত দিনে সবার জানা, বঙ্গবন্ধু সংসারজীবন উপভোগ করতে পারেননি। জেলেই কেটেছে তাঁর জীবন-যৌবন। পরিবারকে সময় দেওয়ার মতো সময় তাঁর হাতে ছিল না। জেলের বাইরে যে কয়েকটি দিন থেকেছেন, মিছিল-মিটিং, সভা-সেমিনার নিয়ে ব্যস্ত থাকতেন। নিজেকে দেশের মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিয়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এনে দিয়েছেন। এই মহান ব্যক্তি, আমাদের বঙ্গবন্ধুকে খুঁজে পেতে গুগলে সার্চ দিতে হয় না। তিনি অতি কাছের, অতি আপন, অতি সাধারণ একজন মানুষ। তিনি আমাদের মুজিবর। পৃথিবীর বুকে গর্ব করার মতো পরিচয় দিয়ে গেছেন বাঙালিকে। অতি সাধারণ ছিলেন বলেই তিনি সাত কোটি মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। তিনি নিজে মহান হয়েছেন, আমাদেরও মহান করে গেছেন।
একজন মানুষ কী করে দিনে দিনে আকাশ-সমান উচ্চতায় পৌঁছেছেন? এত ঝড়ঝাপটা সামলেও কেমন করে তিনি দিশেহারা হননি? কোন শক্তিতে তিনি সাত কোটি মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন? আমার কাছে এসব প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ। উত্তরে সবাই একবাক্যে স্বীকার করবেন, দেশের মানুষের ভালোবাসা ও দেশের প্রতি তাঁর ভালোবাসাই এত সব অসাধ্য অনায়াসে সাধন করেছে।
আমি ছবিটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। আমি দেখতে পাই, দু পাশের দুজনের প্রতি তাঁর প্রতি নির্মল ভালোবাসা। পাশের দুজনের তাঁর প্রতি কোনো কালে কোনো অভিযোগই ছিল না। তিনি তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে বারবার লিখেছেন স্ত্রী রেনুর গল্প। তিনি লিখেছেন, ‘অনেক টাকার প্রয়োজন হলে আমি আমার বোনের কাছ থেকে আনতাম। আব্বা তাকে বলে দিয়েছিলেন আমার দরকার হলে টাকা দিতে। মায়ের কাছ থেকেও আমি টাকা নিতাম। আর সময়-সময় রেনুও আমাকে টাকা দিত। রেনু যা কিছু জোগাড় করত, বাড়ি গেলে এবং দরকার হলে আমাকেই দিত। কোনো দিন আপত্তি করে নাই, নিজে মোটেও খরচ করত না। গ্রামের বাড়িতে থাকত, আমার জন্যই জমিয়ে রাখত।’
এই হলেন রেনু, যিনি টাকা জমাতেন তাঁর রাজনীতি করা স্বামীর জন্য। বাংলার স্বাধীনতা, তথা স্বাধীনতাপূর্ব ইতিহাসে যে নারীর ত্যাগ ও সংগ্রাম জড়িয়ে আছে, তিনি বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পদক্ষেপে সক্রিয় সহযোগিতা করেছেন বঙ্গবন্ধুর আদর্শ সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা। ছায়ার মতো অনুসরণ করেছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শকে বাস্তবায়নের জন্য।
১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তাঁর ডাকনাম রেনু। মাত্র তিন বছর বয়সে বাবাকে ও পাঁচ বছর বয়সে মাকে হারান তিনি। বড় হন দাদা শেখ কাশেমের কাছে। বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রথমে গোপালগঞ্জ মিশন স্কুলে ও পরে সামাজিক কারণে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেন। দাদার চাচাতো ভাই শেখ লুৎফর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমানের সঙ্গে রেনুর বিয়ে হয়।
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। যেকোনো পরিস্থিতি অত্যন্ত বুদ্ধিমত্তা, অসীম ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করতে পারতেন। দেশপ্রেমের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে বঙ্গবন্ধুর সঙ্গেই বঙ্গবন্ধুর রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে নিজেকে জড়িত রাখেন তিনি। স্বামীর রাজনীতিতে সব রকম সহায়তা করতেন তিনি। ছাত্ররাজনীতির সঙ্গে সরাসরি জড়িত শেখ মুজিবের যখনই অতিরিক্ত অর্থের দরকার হতো, তখনই নিজের পিতৃ সম্পত্তি থেকে পাওয়া অর্থ বিনা দ্বিধায় পাঠাতেন তিনি। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’-তেও সংসার ও রাজনীতির কর্মময় জীবনের বর্ণনায় বারবার স্ত্রী বেগম মুজিবের নাম উচ্চারণ করেছেন। বঙ্গবন্ধুর কারারুদ্ধ দিনগুলোতে ঘরের আসবাবপত্র বিক্রয় করতে হয়েছে ফজিলাতুন্নেছা মুজিবকে। তিনি স্বামীর জন্য অনেক অলংকার বিক্রি করেছেন। শেখ মুজিবের জেলজুলুমের প্রভাব রেনু তাঁর পরিবারের ওপর পড়তে দেননি। পরম মমতায় সামলে নিয়েছেন সন্তানদের।
রেনুর সদয় আচরণ ও বিনয়ে মুগ্ধ ছিল সবাই। সন্তানদের যেমন ভালোবেসেছেন, তেমনি শাসন করেছেন। বাবা-মা উভয়েরই কর্তব্য তিনি শেষ দিন পর্যন্ত পালন করে গেছেন বলতে গেলে একা। বেগম মুজিব ছিলেন কোমলে-কঠোরে মিশ্রিত এক দৃঢ়প্রতিজ্ঞ সাহসী নারী। স্বামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সন্তানদের গড়ে তোলেন। তাঁর কাছে সহযোগিতা চেয়ে কেউ কখনো রিক্ত হাতে ফিরে যায়নি। কারাগারে আটক নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে পরিবার-পরিজনদের যেকোনো সংকটে পাশে দাঁড়াতেন তিনি। স্বামীর সবকিছুর প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন তিনি।
পাকিস্তান কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দিলে ১৪ দিনের নোটিশে ৩নং মিন্টো রোডের বাসা ছাড়তে বাধ্য হন বেগম মুজিব। এ রকম অনেকবার তাঁর বাসা বদল করতে হয়েছে। অবশেষে ১৯৬১ সালে ধানমন্ডির ৩২নং সড়কে নিজেদের বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ওই বছরের অক্টোবরে বেগম মুজিব ৩২নং সড়কের বাড়িতে প্রবেশ করেন। বঙ্গবন্ধু জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। তাঁর অবর্তমানে একজন সাধারণ গৃহবধূ হয়েও মামলা পরিচালনা, দলকে সংগঠিত করতে সহায়তা করা, আন্দোলন পরিচালনায় পরামর্শ দেওয়াসহ প্রতিটি কাজে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।
আন্দোলনের সময়ও প্রতিটি ঘটনা জেলখানায় সাক্ষাৎকারের সময় বঙ্গবন্ধুকে জানাতেন তিনি। কারাগার থেকে বঙ্গবন্ধুর প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ নিয়ে আসতেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সে নির্দেশ জানাতেন। অন্যদিকে কারাগারে সাক্ষাৎ করে বঙ্গবন্ধুর মনোবল দৃঢ় রাখতেও সহায়তা করতেন তিনি। বঙ্গবন্ধু যখন কারাগারে, তখন বাঙালি মুক্তির সনদ ছয় দফা কর্মসূচিভিত্তিক লিফলেট বোরকা পরিহিত অবস্থায় বিভিন্ন স্থানে বিতরণ করতে দেখা গেছে তাঁকে।
শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়েরের পর তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বেগম ফজিলাতুন্নেছাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তারের হুমকি দেয়। লাহোরে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব জোরালো আপত্তি জানান এবং এক রকম প্রতিহত করেন। কারণ, এই মহীয়সী নারী দেশের সার্বিক আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে জানতেন। বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি সব বিষয় অবহিত করেন। বাঙালিরা ঐক্যবদ্ধ, তাই বেগম মুজিবের দৃঢ় বিশ্বাস ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতেই হবে। বঙ্গবন্ধু যেন শক্ত থাকেন, সে বিষয়ে তিনি পরামর্শ দেন। বেগম ফজিলাতুন্নেছার গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান বেগবান হয়।
মহান মুক্তিযুদ্ধের পুরো নয়টি মাস অসীম সাহস, দৃঢ় মনোবল ও ধৈর্য নিয়ে বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিস্থিতি মোকাবিলা করেছেন। এমনকি ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ২৩ মার্চের পতাকা উত্তোলনে বঙ্গবন্ধুর প্রধান উদ্দীপক ও পরামর্শক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের পরদিন ১৭ ডিসেম্বর তাঁর ও পরিবারের অন্যান্য সদস্যদের বন্দিদশার অবসান ঘটে। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু লন্ডনে যান। সেখান থেকে বেগম মুজিবের সঙ্গে তাঁর প্রথম কথা হয়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। অবসান ঘটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার দীর্ঘ প্রতীক্ষার। এরপর যুদ্ধ-বিধ্বস্ত দেশ গড়ার কাজেও বঙ্গবন্ধুর পাশে দাঁড়ান তিনি।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায়, শেখ ফজিলাতুন্নেছার মতো ধীরস্থির, বুদ্ধিদীপ্ত, দূরদর্শী, নারীর সাহসী, বলিষ্ঠ, নির্লোভ ও নিষ্ঠাবান ইতিবাচক ভূমিকা শেখ মুজিবকে বঙ্গবন্ধু তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হতে সহায়তা করেছে। জনগণের কল্যাণে সমগ্র জীবন তিনি অকাতরে দুঃখ বরণ ও সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। সেই বিবেচনায় বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণীয় একটি নাম। একটি ইতিহাস। মনেপ্রাণে একজন আদর্শ নারী। সন্তানদের সার্থক মাতা। বিচক্ষণ উপদেষ্টা ও পরামর্শদানকারী। আর বঙ্গবন্ধুর সুখ-দুঃখের সাথি এবং প্রেরণা ও শক্তির উৎস ছিলেন তিনি।