ছাতক উপজেলাবাসীর নতুন সংগঠন প্রতিষ্ঠায় আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিল্লুল হক
জিল্লুল হক

নিউইয়র্কে ছাতক উপজেলাবাসীর নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশে-প্রবাসে ছাতকবাসীর সহযোগিতার লক্ষ্যে আমেরিকাপ্রবাসী ছাতকবাসী এ সংগঠনটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে জিল্লুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ১ সেপ্টেম্বর ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি পার্টি হলে আমেরিকাপ্রবাসী ছাতকবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন সংগঠন প্রতিষ্ঠা ও কার্যকরী কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।
কমিউনিটি অ্যাকটিভিস্ট কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মাশুক মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জিল্লুল হক, মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, মাসুকুল হক, গিয়াস উদ্দিন আউয়াল, কাজী কবিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইন্‌ক তার লক্ষ্য ও আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। তাই প্রবাসে ছাতকবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়, পারস্পরিক সহযোগিতা প্রদান, সামাজিক কর্মকাণ্ড গ্রহণসহ ছাতক উপজেলাবাসীর সার্বিক কল্যাণে ভূমিকা রাখার জন্য একটি সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
নতুন সংগঠন প্রতিষ্ঠায় সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন—আহ্বায়ক জিল্লুল হক, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, সদস্য মাসুকুল হক, গিয়াস উদ্দিন আউয়াল ও কাজী কবিরুল ইসলাম।
আহ্বায়ক জিল্লুল হক নতুন সংগঠন প্রতিষ্ঠায় সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাঁকে এ দায়িত্ব দেওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাসের মধ্যে নতুন সংগঠনের নাম ও কার্যকরী কমিটি চূড়ান্ত করবে আহ্বায়ক কমিটি।