ছারপোকা, তেলাপোকা মাদকে অতিষ্ঠ বাসিন্দারা
ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ ব্রঙ্কস এলাকার অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দারা। বিষয়টি নিয়ে অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ছারপোকা নয়, এর সঙ্গে বাসিন্দারা মাদক ব্যবসায়ীদের উৎপাতের অভিযোগ তুলেছেন।
অভিযোগ উঠেছে, হোয়াইট প্লেইন্স এলাকায় সরকারি ভর্তুকির অ্যাপার্টমেন্টগুলোতে ছারপোকা আর মাদকসেবীদের আনাগোনা বেশি। এলাকাবাসীর এই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। গত সপ্তাহান্তে তিনি এই তদন্তের নির্দেশ দেন।
গভর্নর কুমো বলেছেন, এই অ্যাপার্টমেন্ট ভবনের বিষয়ে বাসিন্দাদের অভিযোগ গুরুতর। ঘটনা সত্যি হয়ে থাকলে তা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আরও উল্লেখ করেন, সরকারের কাজ হল নিউইয়র্কের সব মানুষের স্বাস্থ্য ও জীবন সুরক্ষা করা। ভাড়া নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে ভাড়াটেদের অ্যাপার্টমেন্টে সুস্থভাবে, সুন্দর পরিবেশে বসবাসের সুযোগ তৈরি করা দরকার। এ কারণেই অভিযোগগুলো তদন্তের জন্য রাষ্ট্রীয় এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের মালিক বা সমাজসেবা বিভাগের কাজের কোনো গাফিলতি পাওয়া গেলে তা জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।
মিশেল কল্লো নামের একজন বাসিন্দাসহ অন্যরা অভিযোগ করেন, তারা কমপক্ষে এক বছর ধরে ছারপোকা, তেলাপোকা এবং ইঁদুর সম্পর্কে অভিযোগ করে আসছেন। ঠান্ডার সময়ে হিটার ও গরম পানি প্রায়শই তাদের অ্যাপার্টমেন্টগুলোতে থাকে না। অ্যাপার্টমেন্ট ভবন দেখশোনার লোক থাকা সত্ত্বেও সেখানে তারা দরকারি সুযোগ-সুবিধা পান না।
বাসিন্দারা আরও অভিযোগ করেন, অ্যাপার্টমেন্ট ভবনের হলওয়েতে মাদকদ্রব্য ব্যবহার ও মাদকের ব্যবসায় জড়িত লোকজনকে দেখা যায়। এনওয়াইপিডি বলেছে, তারা মাদক ব্যবসার বিষয়টি তদন্ত করবে। ভবনের পুরো এলাকা পাঁচ তারকা মানের ম্যানেজমেন্ট দিয়ে তদারকি করা হয়। ভবনটি নগর, অঙ্গরাজ্য ও ফেডারেল সরকারের ভর্তুকিতে চলে।
নগর ভবন বিভাগের ডেটাবেইস অনুসারে, ভাঙা লিফট থেকে শুরু করে ত্রুটিযুক্ত বয়লারসহ অ্যাপার্টমেন্ট নিয়ে ২২টি গুরুতর অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ ডলার সরকারি অর্থায়নে পরিচালিত অলাভজনক অ্যাক্সিয়া নেটওয়ার্ক সামাজিক পরিষেবা সরবরাহের জন্য দায়বদ্ধ। তারা এর পরিচর্যার দায়িত্ব পালন করবে।