ছুটি শেষ, স্কুল শুরু

আমেরিকান সংস্কৃতির একটা বড় অংশজুড়ে আছে ব্যাক-টু-স্কুল বা স্কুলে ফিরে যাওয়া। আমেরিকায় বাংলাদেশি ইমিগ্র্যান্টদের বয়স বাড়ছে আর সঙ্গে সঙ্গে ব্যাক-টু-স্কুল সংস্কৃতি এখন বাংলাদেশিদেরও নানাভাবে প্রভাবিত করছে। এই ব্যাক-টু-স্কুল সম্পর্কে আমেরিকায় সবাই হয়তো কমবেশি জানেন তবুও কিছু বিষয়ে আমার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করতে চাই।
ফসল তোলার মৌসুমের সঙ্গে সামঞ্জস্য রেখে আমেরিকায় স্কুলের সেশন ঠিক করা হয়েছিল, তাই সামারে স্কুল প্রায় আড়াই মাসের দীর্ঘ ছুটি থাকে, যাতে সন্তানেরা মা-বাবাকে ফসল তুলতে সাহায্য করতে পার। নিউইয়র্ক স্টেটে স্কুলের সেশন শুরু হয় সেপ্টেম্বরে। তবে বিভিন্ন স্টেটে সময়টা ভিন্ন হয়ে থাকে। তাই নিউইয়র্ক স্টেটে আগস্ট মাসে স্কুলে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়, যা হলো এই ‘ব্যাক-টু-স্কুল’। আর যারা স্কুলের পাঠ শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাবে, তাদের জন্য দিনটি হলো ‘মুভ-ইন-ডে’। এটি সাধারণত অগাস্ট মাসের শেষ সপ্তাহে হয়ে থাকে।
‘ব্যাক-টু-স্কুল’-এর একটি বড় অংশজুড়ে থাকে স্কুলের জন্য কেনাকাটা। এই নিয়ে বাচ্চাদের মধ্য উত্তেজনার সীমা থাকে না। এই সময়ে মূলত স্কুল সাপ্লাই কেনা হয়ে থাকে আর এই লিস্টে থাকে খাতা-পেনসিল থেকে আরম্ভ করে টয়লেট টিস্যু পর্যন্ত। অনেক কমিউনিটি সংস্থা বা সংগঠনগুলোকে দেখা যায় বাচ্চাদের বিনা
মূল্যে এগুলো স্কুলে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করে। ইদানীং অবশ্য বাংলাদেশি কমিউনিটির কিছু সংগঠনও বিনা মূল্যে স্কুলে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করেছে, যা খুবই আশাপ্রদ। তবে পরিমাণে তা খুবই অপ্রতুল। আমরা আশা করি, আমাদের সংগঠনগুলো এ বিষয়ে আরও বেশি উৎসাহী হবে এবং ভবিষ্যতে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও এগিয়ে আসবে, যার ফলে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবে। আমাদের কমিউনিটির একটা বড় অংশ মসজিদ, মন্দির এবং গির্জার সঙ্গে যুক্ত, তাই এসব উপাসনালয়গুলো ‘ব্যাক-টু-স্কুলে’র স্কুল সাপ্লাই দিয়ে অনেক পরিবারকে সহায়তা করতে পারে।
অভিভাবক হিসেবে আপনার করণীয়
স্কুল শুরুর পর প্রথমেই আপনাকে জানতে হবে আপনার বাচ্চার ক্লাসের টিচার কে। আপনার বাচ্চার যদি কোনো সমস্যা থাকে তবে সরাসরি তার সঙ্গে দেখা করে তা জানাতে হবে। যেমন বাংলাদেশ থেকে নতুন এলে ভাষাগত সমস্যার কারণে বাচ্চা অনেক সময় হোমওয়ার্ক তুলতে পারে না। অথবা অন্যান্য বাচ্চা তাকে হেনস্তা করে ইত্যাদি। যদি আপনার সমস্যার সমাধান না হয় তবে অবশ্যই ‘প্যারেন্ট টিচার করডিনেটরের’ সঙ্গে কথা বলতে হবে। এমনকি আপনি প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে পারেন। যদি তাতেও আপনার সমস্যার সমাধান না হয় তবে আপনি ৩১১-এ কল করে কমপ্লেইন করতে পারেন। অনেক অভিভাবক হয়তো ভালো ইংরেজি জানেন না, তাই স্কুলে যেতে লজ্জাবোধ করেন। তাদের উদ্দেশে বলি, আপনি ইংরেজি না বুঝলে দোভাষীর জন্য অনুরোধ করতে পারেন। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। অনেক জনগোষ্ঠী আছে, যারা একবিন্দুও ইংরেজি জানে না, তারা সব সময়ই দোভাষীর সাহায্য নিয়ে থাকে।
স্কুল শুরু হতে না-হতেই তিন মাস পরেই ‘প্যারেন্ট টিচার কনফারেন্স’-এর জন্য অভিভাবকদের ডাকা হয়। আমার অনুরোধ, কেউ এই সুযোগ হারাবেন না। আপনি খোলাখুলি শিক্ষকের সঙ্গে কথা বলবেন। যদি আপনার সন্তান কোনো বিষয়ে ফলাফল খারাপ করে তবে কেন খারাপ করল, আপনার কী করণীয়, শিক্ষক কী করবেন এই সম্পর্কে শিক্ষককে সরাসরি প্রশ্ন করবেন। শুধু লেখাপড়া না, অন্য কোনো কারণেও যদি আপনার সন্তান স্কুলে যেতে না চায় অথবা সে খুব অখুশি থাকে সে ব্যাপারেও জানতে চান। জানতে চাইবেন আপনার সন্তান স্কুলের অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কি না। সবচেয়ে জরুরি হলো, আপনি প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের যেকোনো পদে মেম্বার হতে চেষ্টা করবেন।
মুভ-ইন-ডে
আগেই বলেছি, বাংলাদেশি ইমিগ্র্যান্টদের বয়স বাড়ছে অর্থাৎ যাঁরা এদেশে তাঁদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছিলেন সেসব ছোট বাচ্চারা এখন হাইস্কুলের সীমানা ছাড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। এর মাঝে উল্লেখ করার মতো সংখ্যা যাচ্ছে আইভি লিগ স্কুলে। (আমেরিকার আটটি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হলো আইভি লিগ স্কুল, ব্রাউন ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, ডার্টমাউট কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ইউনিভার্সিটি।)
সাধারণত আগস্ট মাসের শেষ সপ্তাহে যেসব ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে তারা ডরমে চলে যায়, যাকে বলা হয় মুভ-ইন-ডে। এটি পরিবারের জন্য খুবই আবেগময় একটি দিন। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়গামী সন্তানেরা পরিবারের বাইরে গিয়ে থাকতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ে কে কোনো হাউসে বা হলে বা ডরমে যাবে তা আগেই জানা থাকে। ওই দিন অভিভাবকেরা সন্তানের ছোট ডরম রুমটা সাজিয়ে দিতে চেষ্টা করেন। ডরমে যাওয়ার জন্যে বিছানার চাদর থেকে ছোট ফ্রিজসহ অনেক কেনাকাটা করতে হয়। সেগুলো গাড়িবোঝাই করে অভিভাবকেরা পৌঁছে দেন। অভিভাবকদের জন্য পরামর্শ হলো, সব কেনাকাটা একেবারে না করে পরবর্তী সময়ে যখন আপনার সন্তানকে দেখতে যাবেন তখনো অনেক কিছুই কিনতে পারবেন এবং সেটাই হয়তো হবে বুদ্ধিমানের কাজ। একটা উদাহরণ দিই। আপনি হয়তো একটি ছোট ফ্রিজ কিনলেন কিন্তু দেখা গেল সেটা আপনার সন্তানের ডরম রুমে ফিট করে না। তার চেয়ে সন্তান ডরমে একবার স্থির হলে দেখেশুনে জিনিস কেনাই বুদ্ধিমানের কাজ হবে। আরেকটি প্রয়োজনীয় ও অপরিহার্য জিনিস হলো ল্যাপটপ। প্রায় সব কোম্পানিই স্কুলের মাধ্যমে ডিসকাউন্ট দিয়ে থাকে। এটি কেনার আগে সন্তানকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য আছে কি না, দেখতে বলুন।
মুভ-ইন-ডেতে ছাত্রদের অনেক মিটিংয়ে যেতে হয়। তাদের বলতে হবে তারা যেন সাধ্যমতো তথ্যগুলো নোট নেয়। কারণ, পরে এগুলো দরকার হতে পারে। বেশ কিছু অনুষ্ঠানে সন্তানেরা পিতা-মাতার সঙ্গে থাকলেও একসময় তাদের আলাদা করে দেওয়া হয়।
মুভ-ইন-ডে আপনার সন্তানের ও আপনার জন্য একটি বিরাট রূপান্তর। অনেক অভিভাবক সন্তানকে নানা বিষয়ে অনেক উপদেশ দেন। তবে সত্যি বলতে কী সন্তানকে বেশি উপদেশ দিয়ে ভারাক্রান্ত না করাই ভালো। তবে ফিরে আসার পর আপনার শূন্য বাসায় আপনার অনুভূতি সন্তানকে লিখে পাঠাতে পারেন। দেখবেন সেটা সে যত্ন করে রেখে দেবে।