ছেলে হত্যার অভিযোগে বাগদত্তাসহ পুলিশ অফিসার গ্রেপ্তার

আট বছর বয়সী ছেলে সন্তান হত্যার অভিযোগে লং আইল্যান্ডে মাইকেল ভালভা নামের (৪০) নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) এক অফিসারকে তাঁর বাগদত্তাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় মাইকেল ভালভা ও তাঁর বাগ্দত্তা অ্যাঞ্জেলা পোলিনাকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।
ওই দুজনের বিরুদ্ধে সন্তানকে বকা, চড় থাপ্পড় দেওয়া ও হিম শীতল তাপমাত্রায় গ্যারেজে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ছেলের নাম থমাস
থমাস ভালভা অটিজম শিশু। সে পূর্ব মরিচেস এলিমেন্টারি স্কুলের তৃতীয় গ্রেডের ছাত্র। ২৪ জানুয়ারি বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গেলে পরে তাকে লং আইল্যান্ড কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কমিশনার জেরাল্ডাইন হার্ট বলেছেন, বাইরের যখন তাপমাত্রা ১৯ ডিগ্রি ছিল, এমন সময় রাতে বাড়ির ঠান্ডা তাপমাত্রায় গ্যারেজে থমাস ভালভাকে রাখা হয়েছিল। তদন্তকারীরা ৪০ বছর বয়সী মাইকেল ভালভা ও তাঁর বাগ্দত্তা ৪২ বছর বয়সী অ্যাঞ্জেলা পোলিনাকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাইকেল ভালভা ৯১১ ফোন করে বলেছেন, তাঁর ছেলে স্কুল বাসের অপেক্ষা করার সময় ড্রাইভওয়েতে পড়ে অজ্ঞান হয়ে পড়েছিল।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর বাবা মিথ্যা বলছেন। কারণ তারা আগের দুই রাতের ভিডিওতে থমাস ও তাঁর ১০ বছর বয়সী ভাই অ্যান্টনিকে বালিশ-কম্বল ছাড়াই গ্যারেজের মেঝেতে কাঁপতে দেখা গেছে। হাসপাতালে নেওয়ার সময় তার শরীর ঠান্ডায় জমে ছিল। তার মুখ ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।