ছোট হয়ে আসছে বৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

দম ফেলার সময় পাচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে তিনি অথবা তাঁর নির্বাচনী প্রচারণা দলের একাধিক সদস্য গোপন আঁতাতে লিপ্ত ছিলেন—এই অভিযোগ কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। এ পর্যন্ত ট্রাম্পের এক ডজনের মতো সহযোগীকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা কোনো না কোনোভাবে গোপনে মস্কোর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন তাঁর আইনমন্ত্রী জেফ সেশন্স, প্রধান উপদেষ্টা স্টিভ ব্যানন, সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং জামাতা জ্যারেড কুশনার। এই তালিকায় এবার সর্বশেষ যুক্ত হয়েছেন ট্রাম্পের শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের ভাই এরিক প্রিন্স।
কংগ্রেসের উভয় কক্ষই ট্রাম্প ও রাশিয়ার কথিত আঁতাত নিয়ে তদন্ত করছে। অন্ততপক্ষে দুজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ইঙ্গিত করেছেন, যথাযথভাবে তদন্ত শেষ হলে কেউ কেউ জেলে যাবেন, এমনকি খোদ প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসনের সম্মুখীন হতে পারেন।
অভিশংসনের কথাটি প্রথম তোলেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য ম্যাক্সিন ওয়াটার্স। গত সপ্তাহে তিনি এক টুইটার বার্তায় বলেন, নির্বাচনে জেতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে চক্রান্তে লিপ্ত ছিলেন, এ কথা প্রমাণিত হলে কংগ্রেসের উচিত হবে তাঁকে অভিশংসিত করা।
মঙ্গলবার আরেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য প্রায় একই কথা বলেছেন। প্রতিনিধি পরিষদের অন্যতম সদস্য টেক্সাস থেকে নির্বাচিত হোয়াকিম কাস্ত্রো সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে গোপন সম্পর্কের কারণে ট্রাম্পের একাধিক সহযোগী হয়তো ‘কারাগারে যাবেন’। এ ব্যাপারে তিনি নিশ্চিত কি না, জানতে চাইলে হোয়াকিম কাস্ত্রো বলেন, ‘যদি বাজি ধরতে বলা হয়, তাহলেও আমি সে কথাই বলব।’
বিতর্কিত সিকিউরিটি কোম্পানি ব্ল্যাকওয়াটারের প্রধান ও ট্রাম্পের শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের ভাই এরিক প্রিন্স ট্রাম্পের সঙ্গে মস্কোর যোগাযোগের একটি ‘গোপন চ্যানেল’ খোলার ব্যাপারে যুক্ত ছিলেন, এই তথ্য ফাঁস হওয়ার পর বিষয়টি ট্রাম্পের জন্য আরও জটিল হয়ে পড়েছে। ওয়াশিংটন পোস্ট-এর এক খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এরিক প্রিন্স প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ একজন উপদেষ্টার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেন। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সেশেলসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ঠিক কী বিষয়ে তাঁদের কথা হয়, পোস্ট তা নিশ্চিতভাবে জানাতে পারেনি, শুধু উল্লেখ করেছে, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সীমিত করা যায় কি না, সে প্রশ্ন আলোচিত হয়ে থাকতে পারে।
গ্যালপের নেওয়া সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের কাজে সন্তুষ্ট নাগরিকের হার মাত্র ৩৫ শতাংশ। গ্যালপের হিসাব অনুযায়ী ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মাথায় এত কম সমর্থন অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে ঘটেনি।
ট্রাম্প এখনো নিজের ব্যবসার সঙ্গে সম্পর্ক ছেদ করেননি, যা প্রতিষ্ঠিত আইন ও নীতিবিরুদ্ধ। এই যুক্তিতেও তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। ক্ষমতা গ্রহণের পরপরই ইন্টারনেটে ‘ইম্পিচডোনাল্ড ট্রাম্প নাও’ নামে একটি প্রচার অভিযান চালু করা হয়। ইতিমধ্যে এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে, এমন মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ।