ছোটদের পরিবেশনায় বিমোহিত বড়রা

সাজুর পরিচয়, প্রণয়, পরিণয়, বিচ্ছেদ ও জীবন সমাপ্তির করুণ গল্পের অসামান্য বর্ণনা এই কাব্যকে এমন এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, যেন এটি শুধু কাগজে লেখা কাব্যই নয়, বরং বর্ণমালার সুতায় তৈরি অপূর্ব কারুকার্যময় এক মায়াবী নকশিকাঁথা। চারদিক অন্ধকার করে যখন রাত নামে, ঘুমজড়ানো গায়ে জড়িয়ে থাকা কাঁথা ছেড়ে চরিত্রগুলো যেন একে একে বেরিয়ে আসে। তিনিই আমাদের পল্লি কবি, তাঁর সমতুল্য তিনি নিজেই এবং নকসী কাঁথার মাঠ তাঁর অন্যতম সেরা শিল্পকর্ম।
সাউথ জার্সির প্রখ্যাত নৃত্যশিল্পী নন্দিতা দাসের পরিচালনায় জোছনামাখা ফুলের মতো বাচ্চাগুলোর নকসী কাঁথার মাঠ গীতিনাট্য পরিবেশনা ছিল অসাধারণ, মনকাড়া। যেন বাগানজুড়ে ফুলের নাচন। এদের কেউই বাংলাদেশে জন্মায়নি, বাংলার মাটি গায়ে মাখেনি। বাংলার গ্রাম দেখেনি, দেখেনি চাষির চাষাবাদ, জানে না কৃষক কখন কাজের অবসরে বাঁশিতে সুর তোলেন, কিষানি কী করে ধান ভানেন, কাঁথায় ফুল তোলেন। বোঝে না গ্রাম্য কলহ-বিবাদ। তারপরও বাংলাদেশের সংস্কৃতির প্রতি তাদের গভীর মমত্ববোধের প্রকাশ ঘটে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানে গীতিনাট্যের পাশাপাশি নকসী কাঁথার মাঠ-এর ওপর স্কুলের ছাত্রছাত্রীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজনও ছিল। নাচ, গান, কবিতা, চিত্রকর্ম, বাড়তি পাওনা হিসেবে দেশি খাবার, পিঠা—সব মিলিয়ে সেদিনের সন্ধ্যা ছিল বৈশাখী সাজে বাংলাদেশিদের আবেগঘন মিলনমেলা।
যে মানুষটি গভীর মমতা নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি তুলে ধরছেন, তিনি হলেন নাদিরা ফারুক। তাঁর সুচিন্তিত পরিচালনায় এবং শিশুদের বাবা-মায়েদের অপরিসীম সহযোগিতায় এই স্কুল ১০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে বাংলা লেখাপড়া শেখানোর দায়িত্ব পালন করছে। পাশাপাশি কবিতা আবৃত্তি, গল্পবলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাচ্চাদের পরিচিত করে তুলছে বাংলা সাহিত্যের উজ্জ্বল অলিগলির সঙ্গে। প্রবাসে ঘরের বাইরের জীবনে, যেখানে বাংলার কোনো উপস্থিতি নেই, বাংলা জানা জরুরিও নয়, সেখানে বাংলা ভাষা ও সাহিত্যকে ধরে রাখার যে নিরলস চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এটি প্রবাসীদের নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা ও পরম শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
অপ্রিয় হলেও সত্যি যে আমেরিকান বাংলাদেশি প্রজন্ম একটা বয়সের পর যখন নিয়মিত স্কুলে যাওয়া শুরু করে, তখন বাংলা ভাষা চর্চার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, সমগ্র আমেরিকায় ছড়িয়ে থাকা বাংলাদেশিরা এই ব্যাপারটিতে আরও যত্নশীল হলে বাচ্চারা ভালোভাবে বাংলা ভাষা শিখতে আগ্রহী হয়ে উঠবে। এ জন্য প্রয়োজন এই রকম আরও অনেক বেশি বাংলা স্কুল চালু হওয়া। সেই সঙ্গে প্রয়োজন ভাষা শিক্ষার উপযোগী পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক। অধিকন্তু দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা। বিশ্বায়নের এই স্বর্ণযুগে নতুন নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়াটা এখন জরুরি বিষয় হয়ে উঠেছে। বাংলা ভাষা সঠিকভাবে আয়ত্ত করতে পারলে আরও অনেক ইন্দো-ইউরোপীয় ভাষা শেখা সহজ হয়ে যাবে। ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। অন্য ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় নিত্যনতুন পরিবেশের সঙ্গে সহজে একাত্ম হয়ে যেতেও সাহায্য করবে।