ছয় দেশ নিষিদ্ধই থাকল বাদ পড়ল ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত নয়, এবার মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা দেশগুলো থেকে বাদ পড়েছে ইরাক। গতকাল সোমবার এ-সংক্রান্ত নতুন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ১৬ মার্চ থেকে আদেশটি কার্যকর হবে।
নতুন আদেশে নিষেধাজ্ঞা আরোপ করা ছয় দেশ হলো ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। দেশগুলোর নাগরিকদের ওপর ৯০ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে দেশগুলোর যেসব নাগরিক এরই মধ্যে ভিসা পেয়েছেন, যেসব অভিবাসীর গ্রিন কার্ড রয়েছে, যাঁরা কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন, যাঁদের আগে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে গ্রহণ করা হয়েছে, তাঁদের প্রতি এ নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ১২০ দিন যুক্তরাষ্ট্রে শরণার্থী কর্মসূচি বন্ধ থাকবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক অনুমোদনপ্রাপ্ত শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এ বছর ৫০ হাজারের বেশি শরণার্থী নেওয়া হবে না।
ইরাককে বাদ দেওয়ার ব্যাখ্যায় হোয়াইট হাউস বলেছে, দেশটির সরকার ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত তথ্য বিনিময় জোরদার করতে সম্মত হয়েছে।
২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর ২৭ জানুয়ারি মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের শহরে শহরে প্রতিবাদ জানায় মানুষ। নিষিদ্ধ দেশগুলো থেকে আসা বহু লোককে আটকে দেওয়া হয় বিমানবন্দরগুলোতে। এতে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ সানফ্রানসিসকোর ফেডারেল আদালত ট্রাম্পের নির্বাহী আদেশের বিপক্ষে রায় দেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলে সানফ্রানসিসকোর ফেডারেল আদালতের নবম সার্কিট আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এই অবস্থায় নতুন করে প্রায় একই আদেশ জারি করলেন ট্রাম্প।
নতুন নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করবেন—এমন সংবাদ পাওয়ার পর থেকেই নাগরিক অধিকার আন্দোলনের সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন লইয়ারস অ্যাসোসিয়েশনের পরিচালক গ্রেগরি চেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছেন, তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করবেন। এ নতুন নির্বাহী আদেশে ইরাককে বাদ দেওয়া হলেও তাঁর আগের নেওয়া সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটেছে।