জিকা ভাইরাসে আক্রান্ত বা এ রোগের লক্ষণ দেখা গেছে এ রকম পুরুষদের কনডমবিহীন শারীরিক সম্পর্কের জন্য অন্তত ছয় মাস অপেক্ষা করার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা আরও বলেছে, নিশ্চিতভাবে জিকা সংক্রমণের শিকার বা এ রোগের লক্ষণ থাকা নারীদের গর্ভধারণের চেষ্টা করার আগে রোগটি শুরু হওয়ার পর অন্তত দেড় মাস অপেক্ষা করা উচিত। বিশ্বের বিভিন্ন স্থানে জিকা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে নারীর গর্ভকালীন সুস্থতা ও সুস্থ নবজাতকের জন্ম নিশ্চিত করতে হালনাগাদ এ অন্তর্বর্তীকালীন সতর্কতা জারি করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। বাচ্চা নেওয়ার কথা ভাবছেন না এমন জুটিদের ক্ষেত্রেও একই পরামর্শ সিডিসির। ব্রাজিলে সম্প্রতি অনেক নবজাতক শিশুর মাইক্রোকেফালি রোগের সঙ্গে তাদের মায়েদের গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে। মাইক্রোকেফালি রোগে শিশুর মাথা ছোট হয় এবং তাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
এএফপি