ছয় মাস পর ডিএসিএ পর্যালোচনা করবেন ট্রাম্প

তরুণ অনিবন্ধিত অভিবাসীদের জন্য মার্কিন প্রশাসনের সুরক্ষা ব্যবস্থা বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ‘ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ সংক্ষেপে ডিএসিএ নামে পরিচিত এ প্রকল্প আগামী ছয় মাসের মধ্যে প্রতিস্থাপনের জন্য উপযুক্ত আইন প্রণয়ন করা এখন কংগ্রেসের দায়িত্ব। আর এ সময়ের মধ্যে কংগ্রেস এমন কোনো আইন করতে বাধ্য হলে ডিএসিএ প্রকল্পের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলে এক টুইটার পোস্টে ৫ সেপ্টেম্বর জানিয়েছেন ট্রাম্প।
ওই টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, ‘ডিএসিএ-কে বিধিবদ্ধ করার জন্য কংগ্রেস এখন ছয় মাস সময় পাচ্ছে (ওবামা প্রশাসন যা করতে ব্যর্থ হয়েছে)। তারা যদি এটি করতে ব্যর্থ হয়, তাহলে আমি তা পুনঃ পর্যালোচনা করব।’
পাঁচ বছর আগে ওবামা প্রশাসনের সময় শৈশবে আমেরিকায় আসা কিন্তু অনিবন্ধিত অভিবাসীদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা হিসেবে এ ডিএসিএ প্রকল্প শুরু করা হয়। এ প্রকল্পের আওতায় প্রায় ৮ লাখ অবৈধ তরুণ অভিবাসী শিক্ষা, কাজসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। ৫ সেপ্টেম্বর এ প্রকল্প বাতিলের ঘোষণা দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস।
এ বিষয়ক সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণার সময় যত রূঢ় কথাই বলুন না কেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই ড্রিমারস নামে পরিচিত এ তরুণ অনিবন্ধিত অভিবাসীদের প্রতি নমনীয় বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সর্বশেষ প্রকল্প বাতিলের ঘোষণার দুদিন আগেও তিনি ড্রিমারসদের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। যদিও তার ডিএসিএ বাতিলের সিদ্ধান্তে এসব বক্তব্য কোনো প্রভাব রাখেনি।
বিষয়টিকে সহজভাবে নেননি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ যে পদক্ষেপ নেওয়া হলো, আইনত তার কোনো প্রয়োজন ছিল না। এটি একটি নৈতিক প্রশ্ন, যেখানে রাজনৈতিক সিদ্ধান্তটিই জরুরি। অভিবাসীদের বিরুদ্ধে মার্কিনিদের যত অভিযোগই থাকুক না কেন, আমরা এমন একটি গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিতে পারি না, যারা নিজের ইচ্ছায় এখানে আসেনি, যারা কোনো হুমকির কারণ নয়, এমনকি যারা আমাদের কাছ থেকে কিছু নিয়েও যাচ্ছে না।’
সিএনএন জানায়, ঘোষিত পদক্ষেপ অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে কংগ্রেস ডিএসিএ সম্পর্কিত একটি আইনি কাঠামো প্রস্তুত করবে। এ সময়ের মধ্যে ডিএসিএ সুবিধা প্রাপ্তরা তাদের মেয়াদ নবায়ন করতে পারলেও, এর পর তা আর সম্ভব হবে না। আর এ নবায়ন বন্ধ থাকলে ২০১৮ সালে প্রায় ৩ লাখ ড্রিমারস তাদের সুযোগ-সুবিধা হারাবেন। আর ২০১৯ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এ তালিকায় যুক্ত হবেন আরও ৩ লাখ ২০ হাজার ড্রিমারস।