ছয়টি মুসলিম দেশের ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন শর্ত
ছয়টি মুসলিম প্রধান দেশ থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন বিধান আরোপ করেছে হোয়াইট হাউস। সব শরণার্থীর বেলায় শর্তারোপ করা হয়েছে, প্রবেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক এবং পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে।
ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আংশিক কার্যকরে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা এল। গতকাল বৃহস্পতিবার থেকে তা কার্যকরের কথা রয়েছে। নতুন নিষেধাজ্ঞার ফলে আক্রান্ত হবেন ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের জনগণ।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঘনিষ্ঠ সম্পর্ক বলতে পিতা-মাতা, স্বামী-স্ত্রী, সন্তান, ভাই-বোন এবং জামাতা ও পুত্রবধূ বোঝাবে। এ ধরনের সম্পর্ক না থাকলে আগামী ৯০ দিন ওই দেশগুলো থেকে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনি, খালা-খালু, ফুফা-ফুফু, ভাতিজা-ভাতিজি কিংবা বর্ধিত পরিবারের সদস্যরা ঘনিষ্ঠ সম্পর্কের অন্তর্ভুক্ত হবে না।
এর পাশাপাশি যাঁদের যুক্তরাষ্ট্রে ব্যবসা এবং শিক্ষাবিষয়ক সম্পৃক্ততা আছে, তাঁরা নতুন নীতি থেকে ছাড় পাবেন। আর যাঁদের বৈধ ভিসা আছে, তাঁদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা থাকবে না। ওই ছয়টি দেশের বাইরে যাঁদের দ্বৈত নাগরিকত্ব আছে, তাঁদেরও প্রবেশে কোনো সমস্যা হবে না।
সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত এই নতুন বিধান বলবৎ থাকবে। আগামী অক্টোবরের আগে এ নিয়ে শুনানি হওয়ার সম্ভাবনা কম। এই নিষেধাজ্ঞার পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া আইনজীবীরা সতর্ক করেছেন, এর ফলে নানা ধরনের আইনি ঝামেলা সৃষ্টি হতে পারে।
গত ২৭ জানুয়ারি ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ দেশগুলোর ভিসা পাওয়া লোকজনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছিলেন না। অনেকে শেষ মুহূর্তে বিমানবন্দরে এসে আটক হন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণের কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। যুদ্ধকবলিত সিরিয়ার শরণার্থীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল।
জানুয়ারিতে দেওয়া ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রায় ৬০ হাজার মার্কিন ভিসা বাতিল হয়ে যায়। তবে ফেব্রুয়ারি মাসেই ওয়াশিংটন অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক জেমস রবার্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করেন।