জঙ্গি দলে ভেড়াতে ট্রাম্পের ভিডিও ক্লিপ
লোকজনকে দলে ভেড়াতে প্রামাণ্যচিত্রের আদলে একটি ভিডিও ছেড়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। এতে ব্যবহার করা হয়েছে মুসলমানদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। খবর দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়, অনলাইনে জঙ্গিদের কার্যক্রম পর্যবেক্ষণের যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট মনিটরিং গতকাল শনিবার আল-শাবাবের ওই ভিডিও প্রকাশের খবর দিয়েছে। ভিডিওটিতে মূলত যুক্তরাষ্ট্রে জাতিগত বৈষম্যের অবস্থা তুলে ধরতে ট্রাম্পের একটি ক্লিপ ব্যবহার করেছে জঙ্গিরা।
যুক্তরাষ্ট্রের ধনাঢ্য আবাসন ব্যবসায়ী ও টিভি রিয়েলিটি শোর সাবেক তারকা ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে নাম লিখিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন। এর মধ্যে গত ৭ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।
আল-শাবাবের ৫১ মিনিটের ভিডিওতে ট্রাম্পের সেই ভিডিও ক্লিপই ব্যবহার করা হয়েছে। ইয়েমেনে ২০১১ সালে মার্কিন চালকবিহীন বিমানের (ড্রোন) হামলায় নিহত জঙ্গি নেতা আনোয়ার আল-আওলাকির দুটি ক্লিপের মাঝে ট্রাম্পের ক্লিপটি ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে আওলাকিকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্রের মুসলমানদের হয় ইসলামি দেশগুলোতে চলে যাওয়া, না হয় স্বদেশে থেকেই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হওয়া—এ দুটির একটিকে বেছে নিতে হবে। সাইট জানিয়েছে, জঙ্গিদের সংস্থা আল-কাতাইব মিডিয়া ফাউন্ডেশন গত শুক্রবার ভিডিওটি টুইটারে প্রকাশ করে।