জঙ্গি সন্দেহে সৌদি চিকিৎসককে হেনস্তা
ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল আজিজ আল-মানা ওয়াশিংটন ডিসি যাওয়ার পথে উড়োজাহাজে হেনস্তার শিকার হয়েছেন। গত জুন মাসে জঙ্গি সন্দেহে তাঁকে আটক করে হেনস্তা করেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা।
সৌদি আরবের এই চিকিৎসক বর্তমানে ফ্লোরিডায় কর্মরত। জুন মাসে আল-মানা তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে ওয়াশিংটন ডিসির উদ্দেশে ফ্লাইটে চড়েন। উড়োজাহাজ টেকঅফ আগ মুহূর্তে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন তিনি। কথা শেষে স্ত্রীকে তিনি বলেন, ‘তোমার সঙ্গে ওপারে দেখা হবে।’ এ সময় তাঁর পাশে বসা সহযাত্রী এক নারী একটি নোট লিখে দেন ফ্লাইট অ্যাটেনডেন্টকে। সঙ্গে সঙ্গে ঘোষণা হলো, যাত্রী-ইমার্জেন্সির কারণে উড়োজাহাজ টেকঅফ হবে না। উড়োজাহাজ ফিরে যাবে টার্মিনালে। সেই ‘ইমার্জেন্সি’-এর কারণ যে তিনি নিজে, এটা বুঝতে দেরি হলো না আল-মানার। ঘটনা বুঝতে বুঝতেই নিরাপত্তাকর্মীরা ঝড়ের বেগে ঢুকে তাঁকে টেনে-হিঁচড়ে উড়োজাহাজ থেকে বের করে নিয়ে যান।
এ বিষয়ে আবদুল আজিজ আল-মানার আইনজীবী অস্কার গোমেজ বলেন, ‘মূলত পাশে বসা ওই নারী আল-মানার সঙ্গে তাঁর স্ত্রীর কথোপকথন শুনছিলেন। তিনি ফোনে স্ত্রীকে বলেন, “ওকে হানি, আই’ল সি ইউ অন দ্যা আদার সাইড।” মূলত ওয়াশিংটন ডিসিতে পৌঁছে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার বিষয়েই কথা বলছিলেন তিনি। কিন্তু ওই সহযাত্রী বিষয়টি বুঝতে ভুল করেন।’
ঘটনার পর আল-মানা গত সপ্তাহে আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে মামলা করেন। সৌদি বংশোদ্ভূত ও মুসলিম ধর্মে বিশ্বাসী হওয়ায় কারণে বৈষম্যের শিকার হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আবদুল আজিজ আল-মানা বলেন, তিনি নিরাপত্তা হুমকি নন। তাকে এক ঘণ্টা আটক রাখার পরই বিষয়টি নিশ্চিত হন নিরাপত্তাকর্মীরা। কিন্তু তারপরও তাঁকে পরবর্তী ফ্লাইটের জন্য পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়। আল-মানার আশঙ্কা করছেন, নারী সহযাত্রীর ভিত্তিহীন অভিযোগের কারণে তাঁকে ‘নো ফ্লাই তালিকা’ বা এ ধরনের কিছুর অন্তর্ভুক্ত করা হতে পারে।
আমেরিকান এয়ারলাইনস বলছে, তারা অভিযোগটি গভীরভাবে বিবেচনায় নিয়েছে। এয়ারলাইনস সব সময় এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয়। তারা বলেছে, ‘গত সপ্তাহে অভিযোগটি আমাদের কাছে এসেছে; তদন্ত চলছে।’