জঙ্গিবাদে বাংলাদেশের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তি ও বাংলাদেশের একটিসহ সাত সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার দেশটির ট্রেজারি দপ্তর এ তথ্য জানিয়েছে।
ট্রেজারি দপ্তরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণবিষয়ক কার্যালয় তাদের ওয়েবসাইটে বলেছে, নাইজেরিয়ার নাগরিক আবু মুসাব আল-বারনাবি ও সোমালিয়ার নাগরিক মাহাদ মোয়ালিম এবং বাংলাদেশ, মিসর, ফিলিপাইন, সোমালিয়া, নাইজেরিয়া ও তিউনিসিয়ার সাতটি সংগঠনকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিষিদ্ধ এই সংগঠনগুলো হচ্ছে আইএসআইএস-পশ্চিম আফ্রিকা, আইএসআইএস-ফিলিপাইন, আইএসআইএস-বাংলাদেশ, আইএসআইএস-সোমালিয়া, জুন্দ আল-খলিফা-তিউনিসিয়া (আইএসআইএস-তিউনিসিয়া নামেও পরিচিত), আইএসআইএস-মিসর ও ফিলিপাইনভিত্তিক মাউতি গ্রুপ (ইসলামিক স্টেট অব লানাও নামেও পরিচিত)।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ নিয়ে ২০১১ সাল থেকে আইএসের ৪০ জন নেতা ও কর্মীকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।