জন কেরির কথায় আড়ি পেতেছিল ইসরায়েল
গত বছর ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা চলার সময় ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ওপর নজরদারি করেছিল। জার্মানির বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ডের স্পিগেল গতকাল রোববার এ খবর প্রকাশ করেছে।খবর এএফপির।
ডের স্পিগেল-এর খবরে বলা হয়, ওই শান্তি আলোচনার সময় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা জন কেরির কথাবার্তায় আড়ি পাতে ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা।
প্রতিবেদনে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, কেরি মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে একে একে টেলিফোনে আলোচনা চালিয়ে যান। কিন্তু তাঁর সব আলোচনা বিফলে যায়। মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে আলোচনাকালে জন কেরি কেবল সুরক্ষিত টেলিফোন লাইনই ব্যবহার করেননি, স্যাটেলাইট সংযোগসংবলিত সাধারণ টেলিফোনও ব্যবহার করেছেন। এসব টেলিফোনের অনেকগুলোতেই খুব সহজে আড়ি পাতা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার আড়ি পাতার বিষয়ে জন কেরির কার্যালয় বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মধ্যপ্রাচ্য ইস্যুটি গুরুত্বপূর্ণ বিবেচনা করে একে অগ্রাধিকারের তালিকাভুক্ত করেন জন কেরি।