জনগণকে ঐক্যবদ্ধ করতে পারেননি হিলারি ও ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সম্ভাব্য দুই প্রার্থী মার্কিন জনগণকে এখনো ঐক্যবদ্ধ করতে সক্ষম হননি।
বর্ণবাদ, সন্ত্রাস, সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র এখন অস্থির সময় পার করছে। এমন অবস্থায় মার্কিন জনগণের দৃষ্টি যোগ্য নেতৃত্বের দিকে। সাধারণ জনগণের আকাঙ্ক্ষা—এমন ব্যক্তি প্রেসিডেন্ট প্রার্থী হবেন, যিনি সব ধরনের অস্থিরতা সামাল দিতে পারবেন।
কিন্তু বাস্তবতা হলো, ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়ে দলের ভেতরেই নানা প্রশ্ন রয়েছে। সেখানে দলের বাইরের লোকদের ঐক্যবদ্ধ করা তো তাঁদের জন্য আরও দুরূহ ব্যাপার। সংগত কারণে দুজনের কেউই এখন পর্যন্ত জনগণের ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারেননি।
টানা চার দিন ধরে যুক্তরাষ্ট্রের সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশের গুলিতে দুজন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর থেকে প্রতিবাদ চলছে। কৃষ্ণাঙ্গ হত্যার সঙ্গে যোগ হয়েছে ডালাস নগরীতে পাঁচ পুলিশ সদস্য হত্যার বিষয়টি।
যুক্তরাষ্ট্রে চলমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের দৃষ্টি এখন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের দিকে। কিন্তু উভয় প্রার্থী জনগণের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। এমনকি তাঁরা নিজ দলকেই ঐক্যবদ্ধ করতে পারেননি।

হিলারি কৃষ্ণাঙ্গদের কাছে জনপ্রিয়। তবে শক্ত হাতে দেশ পরিচালনা নিয়ে হিলারির প্রতি দলীয় সমর্থকদের আস্থার সংকট রয়েছে।

হিস্পানিক, অভিবাসী ও মুসলমানদের নিয়ে বিতর্কিত কথাবার্তা বলে ট্রাম্প ইতিমধ্যে বিভেদ সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। উত্তেজনা ও অসন্তোষ দূর করার পরিবর্তে তিনি লাগামহীন মন্তব্য করে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছেন বলে মনে করা হচ্ছে। দলের লোকজনকে এক করে জনগণকে ঐক্যবদ্ধ করার কোনো দৃশ্যমান লক্ষণ তাঁর মধ্যে দেখা যাচ্ছে না।

কৃষ্ণাঙ্গ ও নাগরিক আন্দোলনের লোকজনের কাছে হিলারি জনপ্রিয় হলেও তাঁকে নিয়ে তাঁর দলের সমর্থকদের মধ্যে একধরনের সন্দেহ কাজ করছে। অনেকেই তাঁকে প্রাতিষ্ঠানিক রাজনীতির প্রতিনিধি মনে করে। এর ওপর যোগ হয়েছে ই-মেইল কেলেঙ্কারি। সব মিলিয়ে তাঁকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ-সংশয় বাড়ছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি ই-মেইল ব্যক্তিগত সার্ভারে ব্যবহার করার জন্য হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না।

ডালাসে পুলিশ হত্যার পর হিলারি পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন, পুলিশের প্রতি সবার সম্মান দেখাতে হবে।

ট্রাম্পের সমর্থক সাবেক পুলিশ কর্মকর্তা ফ্রেড ডিলুকা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, পুলিশ হত্যার পর ট্রাম্পের বক্তব্য শতভাগ খাঁটি; যদিও ট্রাম্পের অন্য সব মন্তব্য ও বক্তব্য জনগণকে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি।

হিলারিকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য সাবেক এই পুলিশ কর্মকর্তার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন।

চলমান নানা সংকটে প্রেসিডেন্ট ওবামা বারবার ঐক্যের আহ্বান জানিয়ে কার্যত ব্যর্থ হয়েছেন।

হিলারি বা ট্রাম্পের মধ্যে জনগণকে ঐক্যবদ্ধ করার নেতৃত্ব অনুপস্থিত বলে মনে করছে সাধারণ মার্কিনরা।

হিলারির অন্যতম সমর্থক নাগরিক আন্দোলনের সংগঠক জেসি জ্যাকসন নিউইয়র্ক টাইমসকে বলেছেন, আমেরিকার জনগণের মধ্যে বিভেদ ও অসন্তোষ এখন এতটাই প্রকট যে জনগণকে ঐক্যবদ্ধ করা দুরূহ। সম্ভাব্য দুই প্রেসিডেন্ট প্রার্থী ঐক্যের কাজটি করতে পারেননি বলে মনে করেন তিনি।

মার্কিন ইতিহাসবিদ ডরিস কিয়ার্ন গুডুইন বর্তমান সময়কে আমেরিকার গৃহযুদ্ধের সময়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের মধ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ করার সম্ভাবনা ছিল, ছিল সুযোগও। কিন্তু তিনি ভিন্ন পথে হেঁটেছেন। ঐক্যের বদলে অনৈক্যকে আলিঙ্গন করেছেন তিনি।

গুডুইন বলেন, হিলারির ই-মেইল ইস্যু, এফবিআই প্রতিবেদন প্রভৃতি নিয়ে জনগণের মধ্য, এমনকি তাঁর সমর্থকদের মধ্যেও সন্দেহ-সংশয় প্রবল হয়েছে।

গুডুইন আরও বলেন, জনগণ সন্দেহের ঊর্ধ্বে বিশ্বাসযোগ্য নেতৃত্ব চায়। কিন্তু উভয় প্রার্থী জনপ্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন।

হিলারিকে এখনো প্রকাশ্যে সমর্থন জানাননি ডেমোক্রেটিক দলের বাছাইপর্বের প্রার্থী বার্নি স্যান্ডার্স। তিনি যুব-তরুণদের মধ্যে একধরনের জাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন।

বাছাইপর্বের প্রতিযোগীদের কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে একই অবস্থায় আছেন ট্রাম্পও। দলের ছোট-বড় নেতাদের এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে এককাট্টা হয়ে দাঁড়াতে দেখা যায়নি।

দলের মধ্যে নানা বিতর্ক থাকা অবস্থায় ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন আসন্ন। এই সম্মেলনেই দুই দল তাদের নিজ নিজ প্রেসিডেন্ট প্রার্থীর প্রার্থিতা নিশ্চিত করবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, হিলারি ও ট্রাম্প বৃহৎ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আগে নিজেদের দলে ঐক্য আনতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষায় মার্কিন জনগণ।