জনগণের আওয়াজ শুনতে পেয়েছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি জনগণের আওয়াজ শুনতে পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে ওবামা এ কথা বলেন। গতকাল বুধবার হোয়াইট হাউসে এ সংবাদ সম্মেলন হয়। নিজ দলের ভরাডুবি এবং রিপাবলিকানদের জয় নিয়ে কথা বলেছেন বারাক ওবামা। বৈরী রাজনৈতিক বাস্তবতায় পরবর্তী দুটি বছর কেমন করে দেশ চালাবেন, তা নিয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে।
ওবামা বলেন, জনগণ চায় তাদের কাজগুলো যেন সঠিকভাবে করা হয়। মধ্যবর্তী নির্বাচনে যাঁরা ভোট দিয়েছেন, যাঁরা ভোট দিতে যাননি তাদের কথা-মনোভাবের বার্তা পাওয়া গেছে বলে। তিনি বলেন, জনগণ চায় তাদের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হোক। নির্বাচিত হয়ে নিজেদের জন্য নয়, জনগণের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হোক।
এদিকে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতাদের নিয়ে কাল শুক্রবার বৈঠক করবেন প্রেসিডেন্ট ওবামা। হোয়াইট হাউসে অনুষ্ঠেয় এ বৈঠকে মধ্যবর্তী নির্বাচনের পর মুখোমুখি বসবেন উভয় দলের নেতারা। তাঁরা হয়তো পারস্পরিক সহযোগিতার কথাও বলবেন।
কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো নির্মাণ, রপ্তানি আয় বৃদ্ধির মতো বিষয়ে আগামী দিনগুলোতে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান ওবামা। তিনি বলেন, জানুয়ারিতে নতুন কংগ্রেস ক্ষমতা নেওয়ার আগেই কিছু কিছু কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হবে। ইবোলা মোকাবিলাসহ সিরিয়া এবং ইরাকের জঙ্গি দমনের জন্য কংগ্রেসের কাছে জরুরি অর্থ বরাদ্দ চাওয়া হবে।
মঙ্গলবারের রাতটি রিপাবলিকানদের জন্য খুব ভালো রাত
রিপাবলিকানরা ক্ষুব্ধ হলেও বছরের শেষ দিকে অভিবাসন সংস্কার নিয়ে নিজেই কিছু উদ্যোগ গ্রহণ করবেন বলে ওবামা জানিয়েছেন। যদিও অভিবাসন সংস্কার নিয়ে নিজের নির্বাহী আদেশের বিস্তারিত কিছু তিনি উল্লেখ করেননি। নিজের করা সর্বজনীন স্বাস্থ্যনীতিতে পরিবর্তন আনলেও বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা বাতিলের তিনি বিরোধিতা করবেন বলেও জানান। মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের ভরাডুবির কারণ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। সংক্ষিপ্তভাবে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, সন্দেহ নেই, মঙ্গলবারের রাতটি রিপাবলিকানদের জন্য খুব ভালো একটি রাত।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মার্কিন জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে ওয়াশিংটনে সঠিকভাবে কাজ হচ্ছে না। জনগণের প্রয়োজনকে মনোযোগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট, সর্বস্তরের জনগণ কতৃর্ক নির্বাচিত। আমি কোনো রাজ্য বা নির্বাচনী জেলার নির্বাচিত প্রতিনিধি নই। প্রেসিডেন্ট হিসাবে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার এবং আমি জনগণের কাছে এ জন্য দায়বদ্ধ।’
ওয়াশিংটনের অচলাবস্থা নিয়ে জনগণ চরমভাবে হতাশ
বারাক ওবামার সংবাদ সম্মেলনের আগে রিপাবলিকান দলের নেতা সংবাদ সম্মেলন করেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের সম্ভাব্য নেতা মিচ ম্যাককলেন সংবাদ সম্মেলনে বলেন, জনগণ ওয়াশিংটনের অচলাবস্থা নিয়ে চরমভাবে হতাশ। তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে আমরা জনগণের জন্য কিছুই করি না। এমনকি সিনেটে আইন প্রণয়নের জন্য সিনেটররা ভোট প্রদানে বিরত থাকেন।’ আগামী দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সমঝোতার ক্ষেত্র খোঁজা হবে বলে সিনেটর ম্যাককনেল জানান।
মধ্যবর্তী নির্বাচনের আগেই প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা ছিল। সিনেটেও রিপাবলিকান আধিপত্যে ওয়াশিংটনের রাজনীতি আগামী দিনগুলোতে আরও জটিল হয়ে ওঠার দামামা বাজছে। প্রেসিডেন্ট ওবামার মেয়াদের পরবর্তী দুবছর আইনপ্রণেতাদের সঙ্গে আপস করেই চলতে হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দিনগুলোতে রিপাবলিকানরা রক্ষণশীল সব আইন প্রস্তাব গ্রহণ করবেন।
ওবামার সর্বজনীন বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা বাতিলের জন্য একের পর এক আইন প্রস্তাব গ্রহণ করা হবে। বারাক ওবামার কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ কংগ্রেসে ঠেকিয়ে রাখা হবে। ভেটো প্রদান করে ওবামার আইন প্রস্তাব ঠেকাতে হবে। রিপাবলিকানদের একমাত্র উদ্দেশ্য হবে বারাক ওবামার উদারনৈতিক কর্ম উদ্যোগ বাধাগ্রস্ত করা। কংগ্রেসের অনুমোদন ছাড়া অভিবাসন সংস্কারসহ ওবামার উদারনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়নও দুরূহ হয়ে উঠবে।
ওবামার জনপ্রিয়তায় ধসই ডেমোক্র্যাটদের ভরাডুবি
ওবামার ধসে পড়া জনপ্রিয়তাই ডেমোক্র্যাটদের ভরাডুবির কারণ বলে মনে করা হচ্ছে। জাতীয় সমস্যা নিয়ে ওবামা জনগণের সঙ্গে সঠিক সংযোগ সৃষ্টি না করতে পারার অভিযোগ উঠেছে। মার্কিন মধ্যবিত্তের জীবনমানের উন্নতির কথা বলে ক্ষমতায় এসেছিলেন বারাক ওবামা। দীর্ঘ ছয় বছরে মার্কিন মধ্যবিত্তরা তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিয়ে নিশ্চিত নয়। কর্মসংস্থান বৃদ্ধির পরিসংখ্যান দেওয়া হলেও মধ্যবিত্তদের মধ্যে এখনো কর্মহীনের সংখ্যা ব্যাপক। অনেকেই খণ্ডকালীন কাজে নিয়োগ পাচ্ছেন। এসব কাজের মধ্য দিয়ে মধ্যবিত্তের বার্ষিক আয় বাড়েনি। প্রত্যাশা অনুযায়ী ধসে পড়া আবাসন খাতও ঘুরে দাঁড়ায়নি। কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী মহলও প্রেসিডেন্টের কাজকর্মে ব্যাপক সমর্থনে নেই। মধ্যপ্রাচ্য সমস্যা, ইবোলা সমস্যা, জাতীয় নিরাপত্তা নিয়ে রক্ষণশীলদের প্রচারণাকে ঠিকমতো মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে ডেমোক্র্যাটরা।
মধ্যবর্তী নির্বাচন কার্যত বারাক ওবামার ব্যাপারে গণভোটে পরিণত হয়েছিল। জনগণের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এ নির্বাচনে। মধ্যবর্তী নির্বাচনের জাতীয় পর্যায়ের ফলাফলে পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মানচিত্র। বারাক ওবামার শেষ দুটি বছরের পরিবর্তিত শাসনকাল দেখার অপেক্ষায় শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের মানুষ।