জনপ্রিয়তা পুনরুদ্ধারে ট্রাম্পের অস্ত্র 'অভিবাসন নিয়ন্ত্রণ'
বিভিন্ন কারণে অন্য পশ্চিমা দেশগুলোর মতোই মার্কিন নাগরিকদের মধ্যে অভিবাসন বিরোধিতা ক্রমেই বাড়ছে। আর নাগরিকদের এ অসন্তোষের সুযোগ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসনের সমালোচকেরা ট্রাম্পকেই এখন ত্রাতা হিসেবে দেখছেন। বৈধ অভিবাসন সীমিত করার আইন প্রণয়নে হোয়াইট হাউসের সাম্প্রতিক উদ্যোগ এ মনোভাবের পালে জোর হাওয়া দিচ্ছে। নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধারের স্বার্থেই ট্রাম্প এমন উদ্যোগে সমর্থন জানাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
অভিবাসনের দেশ আমেরিকায় রাজনীতিকেরা এ বিষয়ে আগে সতর্ক অবস্থান নিতেন। বিশেষত প্রকাশ্যে অভিবাসন বিরোধিতার বিষয়টি এড়িয়ে যেতেন তারা। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের আবির্ভাবের পর অভিবাসন মূলধারার বিতর্কের বিষয়ে পরিণত হয়। সর্বশেষ গত ২ আগস্ট রিপাবলিকান সিনেটর টম কটন ও ডেভিড পেরডু শক্তিশালী মার্কিন অর্থনীতির স্বার্থে অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব উপস্থাপন করেন।
আর এ প্রস্তাবের প্রতি মৌখিক সমর্থন জানান ট্রাম্প। এ আইন গৃহীত হলে আমেরিকায় বৈধ অভিবাসন অর্ধেকে নেমে আসবে। ফলে অনুমিতভাবেই অভিবাসন হ্রাসের পক্ষপাতি সংগঠনগুলো এর প্রতি সমর্থন জানিয়েছে। এর মধ্যে রয়েছে সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ, ফেডারেশন ফর আমেরিকান ইমিগ্রেশন রিফর্ম (এফএআইআর) ও নাম্বার্স ইউএসএ।
এর মধ্যে এফএআইআর ও নাম্বার্স ইউএসএর প্রতিষ্ঠাতা চক্ষুরোগ বিশেষজ্ঞ জন ট্যানটন আবার পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সঙ্গে জড়িত। এ জন্য তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রস্তাব করেন, যার মূল লক্ষ্য অভিবাসীরা। অভিবাসনবিরোধীদের মধ্য এ ছাড়া রয়েছেন স্টিফেন ব্যানন ও স্টিফেন মিলার মতো হোয়াইট হাউসের নীতি-নির্ধারকেরা। এ ছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ধারণা অভিবাসীদের কারণে তাদের কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। আর সামাজিক ও সাংস্কৃতিক অনেক পরিবর্তনের জন্য অভিবাসীদেরই দায়ী করছে রক্ষণশীল আমেরিকানরা। ফলে স্বাভাবিকভাবেই অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের পদক্ষেপর পক্ষে এদের জোর সমর্থন রয়েছে।
এ আইন গৃহীত হলে আমেরিকায় প্রবেশের আগেই সম্ভাব্য অভিবাসীদের ইংরেজি জানার শর্ত থাকবে। এ ছাড়া আরও নানা শর্ত জুড়ে দেওয়া হবে। অভিবাসনপন্থীরা এ বিলকে চরম অভিবাসনবিরোধী হিসেবে অভিহিত করেছেন। তারা একে ‘চরমপন্থী ধারণা’ হিসেবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে জন ট্যানটনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অভিবাসনবিরোধী তথ্য-উপাত্ত নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে উদারনৈতিক সংগঠন পিপল ফর দ্যা আমেরিকান ওয়ের (পিএফএডব্লিউ) পরিচালক লিজেট ওকামপো বলেন, অভিবাসন সংস্কারের চলমান রক্ষণশীল উদ্যোগের সঙ্গে আমেরিকার অর্থনীতির কোনো সম্পর্কই নেই। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ওবামাকেয়ার বাতিল করতে না পারায় এটি অনেকটা ক্ষতিপূরণের মতো। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের গোঁড়া সমর্থকদের ঐক্য ধরে রাখার একটি প্রয়াস শুধু।
এদিকে অভিবাসন নিয়ন্ত্রণে প্রস্তাবিত অভিবাসন আইনের পক্ষে সাফাই গাইতে শুরু করেছেন ট্রাম্প সমর্থকেরা। এ বিষয়ে বর্তমান প্রশাসনের শ্রমমন্ত্রী আলেক্সান্ডার অ্যাকোস্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় চলমান অভিবাসন পদ্ধতির অপব্যবহার চিহ্নিত করেছেন। নতুন আইন প্রস্তাবের ফলে মার্কিন কর্মীদের সুযোগ বাড়বে, যার সুফল দেখা যাবে অর্থনীতিতে।
তবে এ ধরনের মতের সম্পূর্ণ বিরোধিতা করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের অর্থনীতিবিদ মাইকেল ক্লিমেনস। তিনি বলেন, অভিবাসন নিয়ন্ত্রণের জন্য এ ধরনের প্রস্তাব ১৯২৪ সাল থেকে বারবার করা হয়েছে। কিন্তু এ ধরনের নিয়ন্ত্রণের মাধ্যমে আমেরিকার অর্থনীতি শক্তিশালী হয়েছে, এমন কোনো প্রমাণ নেই।