জনপ্রিয়তায় উবারের কাছাকাছি লিফট
নিউইয়র্ক নগরের যাত্রীদের মধ্যে লিফট ট্যাক্সির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বাজারে প্রভাব বিচারে এখনো পিছিয়ে থাকলেও জনপ্রিয়তার নিরিখে লিফট ইতিমধ্যেই প্রচলিত ট্যাক্সি ও উবারের কাছাকাছি অবস্থান করছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজনেস ট্রাভেল এক্সপেন্স ফার্ম সার্টিফাই পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। লিফট উবারের মতোই অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সার্ভিস, যা ই-হেইল ট্যাক্সি নামে এখন পরিচিত। উবারের জনপ্রিয়তার ধারা অনুসরণ করে বাজারে আসা এ কোম্পানি এখন উবারের বাজারেই ভাগ বসাচ্ছে।
বাণিজ্যিক প্রতিষ্ঠান মরগান স্ট্যানলির তথ্য বলছে, তিন বছর ধরেই নিউইয়র্ক নগরীতে ট্যাক্সির জনপ্রিয়তা কমছে। ট্যাক্সিতে যাত্রী চলাচলের হার টানা ৩৫ মাস ধরেই নিম্নমুখী। ফলে ট্যাক্সিচালকদের উপার্জন ও তাদের কাছ থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণে পড়েছে নেতিবাচক প্রভাব। কিন্তু এর বিপরীত প্রবণতায় রয়েছে লিফট ট্যাক্সি। প্রতিষ্ঠানটির সেবার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিভিন্ন ট্যাক্সি কোম্পানির গাড়ি চাপের মুখে থাকলেও লিফট ট্যাক্সির প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
বিজনেস ট্রাভেল এক্সপেন্স ফার্ম সার্টিফাই’-এর প্রতিবেদন মতে, লিফট জনপ্রিয়তার দিক থেকে হলুদ ট্যাক্সি ও উবার উভয়কেই ছাড়িয়ে যাচ্ছে। বছরের তৃতীয় প্রান্তিকে লিফট ট্যাক্সি ব্যবহারের হার বেড়েছে ৩ শতাংশ। এ খাতের ১১ শতাংশ বাজার লিফটের দখলে রয়েছে। এখনো বাজারে উবারের দখল ৫৪ শতাংশ হলেও লিফট খুব দ্রুত ব্যবধান কমিয়ে আনছে।