জনমত জরিপে এগিয়ে এরিক অ্যাডামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক অ্যাডামস

নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনের লড়াই জমে উঠেছে। সর্বশেষ জনমত জরিপে সাবেক পুলিশ কর্মকর্তা এরিক অ্যাডামস নিজেকে সামনের কাতারে নিয়ে এসেছেন। আর পেছনের সারি থেকে উঠে এসেছেন নগরের স্যানিটেশন কমিশনার ক্যাথরিন গার্সিয়া। নির্বাচনী প্রচারের শুরুতে এগিয়ে থাকা অ্যান্ড্রু ইয়াং এখন পিছিয়ে আছেন।

এদিকে মার্কিন রাজনীতির চলমান সময়ের তারকা আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সমর্থন নিয়েও খুব একটা সুবিধা করতে পারছেন না মায়া উইলি। নির্বাচনের আগে যৌন হয়রানির অভিযোগ ওঠায় নাজুক অবস্থায় আছেন নগরের কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার।

২২ জুন মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে এখন চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। যাচ্ছেন গির্জা , মসজিদ আর প্যাগোডায়। মাঠের প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন নিউইয়র্কে ডেমোক্র্যাট দলের পরিচিত ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস। ১৫ জুন মেরিস্ট পুল জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট দলের ভোটারদের মধ্যে ২৪ শতাংশ লোক বলেছেন, তাঁরা এরিক অ্যাডামসকে মেয়র হিসেবে প্রথম পছন্দের ভোট প্রদান করবেন। এর পরেই ১৭ শতাংশ লোকজন জানিয়েছেন, প্রথম পছন্দ হিসেবে ক্যাথরিন গার্সিয়াকে ভোট দেওয়ার কথা।

অন্য প্রার্থীদের মধ্যে মায়া উইলি এবং অ্যান্ড্রু ইয়াং এখনো ১০ শতাংশের ওপরে তাঁদের জনপ্রিয়তা ধরে রেখেছেন। ভোটারদের পছন্দের হার তাদের বেলায় যথাক্রমে ১৩ এবং ১৫ শতাংশ।

এবারেই প্রথমবারের মতো র‍্যাংক চয়েস নামের পদ্ধতিতে নিউইয়র্কের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ভোটাররা তাঁদের পছন্দের তালিকা অনুযায়ী ভোট প্রদান করেন। তাই কোনো প্রার্থীরই ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার সুযোগ নেই। র‍্যাংক চয়েস পদ্ধতির নানা বিশ্লেষণ জরিপে দেখা গেছে, এরিক অ্যাডামস সব হিসেবেই নিকটবর্তী প্রার্থী ক্যাথরিন গার্সিয়ার চেয়ে ১২ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন।

আগামী নভেম্বরে মূল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মূল নির্বাচনী লড়াইয়ের আগে শুরু হচ্ছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রাইমারিতে প্রার্থীদের এগিয়ে যাওয়ার লড়াই। ২২ জুন দুই দলের এ বাছাই অনুষ্ঠিত হবে। ডেমোক্র্যাট অধ্যুষিত নগরের এই প্রাইমারি নির্বাচনে রিপাবলিকান দলের খুব একটা তোড়জোড় নেই। দৃশ্যত কোনো তৎপরতাও নেই তাদের। ডেমোক্রেটিক দলের আট প্রার্থী চষে বেড়াচ্ছেন পুরো নগর। তাই এটা ধরে নেওয়া যায়, ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হবেন, তিনিই হবেন নিউইয়র্কের পরবর্তী নগরপিতা।

মার্কিন কংগ্রেসের নিউইয়র্কের প্রতিনিধি জনপ্রিয় নেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ৫ জুন মায়া উইলির প্রতি তাঁর সমর্থন ঘোষণা করেন। মায়া উইলি একজন প্রগতিশীল নেতা ও সিভিলিয়ান কমপ্লেইন রিভিউ বোর্ডের সাবেক চেয়ারপারসন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম পুলিশ বাহিনী ‘এনওয়াইপিডি’র ওপর তদারকি করে এই বোর্ড।

ধারণা করা হয়েছিল, ওকাসিওর সমর্থন জানানোর পর মায়া উইলি এগিয়ে যাবেন। নির্বাচনী মাঠে এবারের ভোটারদের কাছে নিউইয়র্ক নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেই প্রাধান্য দিতে দেখা যাচ্ছে। নাগরিক আন্দোলনের মধ্য দিয়ে নিউইয়র্কে উদারনৈতিকদের উত্থান ঘটলেও মেয়র নির্বাচনে এর কোনো ছাপ দেখা যাচ্ছে না।

প্রতিদিন নিউইয়র্ক নগরেতে গোলাগুলির ঘটনা ঘটছে। ছিনতাই, রাহাজানি, গাড়ি চুরির ঘটনা ঘটছে একের পর এক। বিভিন্ন আবাসিক এলাকায় সড়কপথে পার্ক করা গাড়ির কাচ ভাঙচুর হচ্ছে প্রতি রাতে। ট্রেন স্টেশনে লোকজন দাঁড়াতে ভয় পাচ্ছে। যুব-কিশোর অপরাধীদের তৎপরতায় পুরো নগরের জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। এসব বিবেচনায় নগরের সাবেক পুলিশ কর্মকর্তা এরিক অ্যাডামসকে লোকজন পছন্দের প্রার্থী হিসেবে দেখছেন।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা এখনো ঐক্যবদ্ধভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। এখন সমিতি সংগঠনের বনভোজন নিয়ে তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশি জনসমাজের মধ্যে কেবল নিউইয়র্ক পুলিশে কর্মরত অফিসারদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এরিক অ্যাডামসকে সমর্থন জানিয়েছে।

নিউইয়র্ক নগরে ডেমোক্রেটিক দলের আসন্ন প্রাইমারি নির্বাচনে এবার ১১ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে নগরের কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিন থেকে মোট ১১ জন বাংলাদেশি-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে ১০ জন আর কাউন্টি জজ পদে একজন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচনে মেয়র পদে নয়জন প্রার্থীসহ মোট ৫২৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগাম ভোট, মেইল ভোট এবং ভোটের দিন ভোট এই তিন পদ্ধতিতে ভোট দেওয়া যাবে। ১২ জুন থেকে শুরু হয়েছে আগাম ভোট প্রদান, চলবে ২০ জুন পর্যন্ত। মেইল ভোট চলবে জুন মাসজুড়ে। ভোটের দিন ২২ জুন মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ চলবে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত।

নিউইয়র্ক সিটির পাঁচ বরোর ৫১টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে বাংলাদেশি প্রার্থী হিসেবে ব্রঙ্কস বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-১৮ থেকে মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশীদ, কুইন্স বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ থেকে মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন ও সাইফুর খান, কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৬ থেকে বদরুন খান ও সুলতান মারুফ, ব্রুকলিন বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩২ থেকে শেখ হেলাল, কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৭ থেকে মিসবা আবদীন এবং কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে শাহানা হানিফ ও মামনুন হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুইন্স কাউন্টি জজ পদে অ্যাটর্নি সোমা সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিচারিক পদে সোমা সাঈদই প্রথমবারের মতো একজন বাংলাদেশি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

প্রার্থীদের মধ্যে ইতিপূর্বে বিভিন্ন পদে মির্জা মামুন রশীদ, মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন, বদরুন খান ও হেলাল শেখের আগে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। এঁদের মধ্যে বদরুন খান ছাড়া অন্য সবাই সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। মিতা ইউএস কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আর সোমা সাঈদ গত নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর এবার কাউন্টি জজ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ এন মজুমদার, সাইফুর খান, মিসবা আবদীন, শাহানা হানিফ ও মামনুন হকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নতুন।

বদরুন খান প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, প্রতিদিন সকাল সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন প্রচারণা কাজে ব্যস্ত রয়েছেন। তিনি ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। তিনি স্বদেশি ভোটারদের আগাম ভোট প্রদান না করলে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।

কুইন্স কাউন্টি জজ পদের প্রার্থী সোমা সাঈদ জানিয়েছেন, তিনি ক্লান্তিহীন প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানালেন।