জনমত জরিপে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে এক ধরনের সুখবোধ কাজ করছে। কিন্তু জনমত জরিপে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। চরম বিভক্ত ডেমোক্রেটিক দলের ঘোষিত যেকোনো প্রার্থীর চেয়ে জনমতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
ইউএস টুডে ও সাফোক ইউনিভার্সিটির সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে, ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে জনমতে তিন শতাংশ পয়েন্ট এগিয়ে আছেন ট্রাম্প। আর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনের চেয়ে এগিয়ে আছেন যথাক্রমে পাঁচ ও আট শতাংশ পয়েন্ট। ১৭ ডিসেম্বর ইউএস টুডে এ জনমত জরিপের ফল প্রকাশ করে।
দ্বিতীয় দফা নির্বাচনের আগে আধুনিক আমেরিকায় সবচেয়ে আলোচিত-সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের তদন্তে বাধা প্রদানের জন্য হোয়াইট হাউস থেকে তাঁকে অপসারণের চেষ্টা চলছে। অন্যদিকে যে সমর্থকদের উসকে দিয়ে ট্রাম্প প্রথম দফা নির্বাচিত হয়েছিলেন, এত কাণ্ডের পরও তারা তাঁর ওপর আস্থা হারাননি। সর্বশেষ জনমত জরিপের তথ্য বলছে, সমর্থকদের কেউ তাঁকে ছেড়ে যায়নি এখনো।
জনমতে তিন থেকে দশ শতাংশ ফারাক নিয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প। তাঁর সমর্থকেরা কতটা ঐক্যবদ্ধ তা ব্রায়ান নামের এক শ্বেতাঙ্গ ট্রাক চালকের বক্তব্যেই স্পষ্ট। জনমত জরিপের সময় ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ওই চালক ইউএস টুডেকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা অমূলক। অভিশংসনসহ সবকিছুই তিনি অতিক্রম করে আবার বিজয়ী হবেন।’
আমেরিকার জটিল রাজনৈতিক মানচিত্রে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কোনো ধস নামেনি। যারা তাঁর ওপর বিরক্ত ছিলেন, তারা আরও বিরক্ত হয়েছেন। কিন্তু এই বিরোধী পক্ষে ঐক্যের অভাব সুস্পষ্ট। এদের কেউ হাঁটছেন অতি উদারনৈতিক পথে, কেউ হাঁটছেন মধ্যপথে। আমেরিকায় অভিবাসীদের মধ্যে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি হলেও তাদের মধ্যেও ঐক্যের অভাব। এদিকে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করে ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের আরও উজ্জীবিত করছেন। অথচ অনৈক্যের ফলে হতাশ অনেক শ্বেতাঙ্গ ডেমোক্র্যাট নেতা এখন অনেকটা নিষ্ক্রিয়। কেউ কেউ দল বদলের কথাও ভাবছেন বলে খবর বেরিয়েছে। এ বিভক্তির সুবিধা আগামী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাবেন বলে মনে করেন ট্রাম্প সমর্থকেরা।