জনসভায় উত্তেজনা নিয়ে ওবামার সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অগ্রগামী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিভিন্ন সভায় বিক্ষোভকারীদের সঙ্গে তাঁর সমর্থকদের হাতাহাতির প্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বীদের নিজেদের মধ্যে উত্তেজনা কমানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
আজ রোববার বিবিসির প্রকাশিত খবরে জানা যায়, ডালাসে ডেমোক্রেটিক দলের আয়োজিত এক অনুষ্ঠানে ওবামা এসব কথা বলেন।
ওবামা বলেন, নির্বাচনের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের একে অন্যকে অপমান করা ঠিক না। বিশেষ করে কোনোরকম সহিংস আচরণে যাওয়া একেবারেই উচিত নয়।
ওবামা আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজেদের আচরণে শালীনতা বজায় রাখার চেষ্টা করতে হবে।
সহিংসতার আশঙ্কায় গত শুক্রবার শিকাগোতে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত এক জনসভা বাতিল করা হয়েছে। সভাস্থলে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে চরম উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
শিকাগোয় অবস্থিত ইউনিভার্সিটি অব ইলিনয়ে শুক্রবার সন্ধ্যায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্পের জনসভা হওয়ার কথা ছিল। সেখানে ট্রাম্পের প্রায় ২০ হাজার সমর্থক উপস্থিত হন। কিন্তু বিতর্কিত এই প্রার্থী পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই সেখানে জড়ো হন তাঁর বিরুদ্ধবাদী কয়েক হাজার বিক্ষোভকারী। একপর্যায়ে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে ট্রাম্প বিরোধী ওই বিক্ষোভকারীদের হাতাহাতি শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করে। পরে ট্রাম্পের নির্দেশে তাঁর জনসভা বাতিল ঘোষণা করা হয়।