জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল হবে, হুমকি ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জনের চলতি নিয়ম বাতিল করবেন। জনপ্রিয় ওয়েব সাইট এক্সিওস এ কথা জানিয়েছে।

অধিকাংশ শাসনতান্ত্রিক বিশেষজ্ঞের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকল ব্যক্তির নাগরিকত্বের অধিকার মার্কিন শাসনতন্ত্রের ১৪-তম সংশোধনীতে নিশ্চিত করা হয়েছে। এই অধিকার রদ করতে হলে একটি পাল্টা সংশোধনী প্রয়োজন পড়বে। ট্রাম্প জানিয়েছেন, তাঁর আইন উপদেষ্টারা তাঁকে নিশ্চিত করেছেন তেমন কোনো সংশোধনীর প্রয়োজন নেই।

ট্রাম্প অভিযোগ করেছেন, বর্তমানের প্রচলিত নিয়ম অনুসারে যেকোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের ঔরসে জন্মগ্রহণকারী শিশুর মার্কিন নাগরিকত্ব দাবি করতে পারে। পৃথিবীর অন্য কোনো দেশে এই নিয়ম নেই। ট্রাম্প বলেন, ‘এই নিয়ম অত্যন্ত হাস্যকর, এটি বন্ধ হওয়া উচিত।’

রক্ষণশীল গ্রুপ সমূহ দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে, ১৪-তম সংশোধনী অনুসারে শুধু মার্কিন নাগরিক অথবা বৈধ অভিবাসী এই অধিকার ভোগ করে, কোনো অবৈধ অভিবাসী বা বহিরাগত নয়।

ট্রাম্প কখন এই নির্বাহী আদেশ স্বাক্ষর করবেন তা জানাননি, তবে তেমন কোনো নির্দেশ জারি হলে আদালতে তা চ্যালেঞ্জের সম্মুখীন, এ ব্যাপারে সব বিশেষজ্ঞ একমত। ধারণা করা হচ্ছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের সমর্থকদের চাঙা করে তুলতে ট্রাম্প এই নির্দেশের কথা ভাবছেন। একই উদ্দেশ্যে মাত্র একদিন আগে তিনি দক্ষিণ আমেরিকার তিনটি দেশ থেকে মেক্সিকো হয়ে মিছিল করে অগ্রসরমাণ কয়েক হাজার আশ্রয় প্রার্থীর প্রবেশ নিষিদ্ধ করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।